মুন্সীগঞ্জে লঞ্চে মুমূর্ষু শিশুকে কোস্ট গার্ডের জরুরি সেবা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জে যাত্রীবাহী লঞ্চে মুমূর্ষু শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ রবিবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, রবিবার জনৈক এক ব্যক্তি তার অসুস্থ শিশু (২ বছর)-কে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ‘এম ভি সম্পদ’ লঞ্চযোগে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লঞ্চটি দুপুর ১২টায় চাঁদপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তৎক্ষণাৎ শিশুর পিতা কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি জানান।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিকেল টিম হাইস্পিড বোটযোগে দ্রুত উক্ত লঞ্চে গমন করে এবং শিশুটিকে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্ট গার্ডের বোটযোগে সদরঘাটে আনা হয় এবং সিভিল যানবাহনযোগে ঢাকার শ্যামলীর মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।
