স্বামীর নির্যাতনের পর গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার আদমদীঘিতে স্বামীর নির্যাতনের শিকার আকলিমা খাতুন (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আকলিমা উপজেলার নসরতপুর ইউনিয়নের শাঁওইল বাজার এলাকার শাকিল শেখের স্ত্রী। আজ শুক্রবার ভোরে শাকিলের শোয়ার ঘরে এ ঘটনা ঘটে। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জানা গেছে, গত তিন বছর আগে পঞ্চগড়ের বোদা উপজেলার বড় শশী গ্রামের আলম বাদশার মেয়ে আকলিমা খাতুনের সাথে পারিবারিকভাবে বিয়ে হয় শাকিল শেখের সাথে। তাদের সংসারে দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। চার্জার চালিত অটোভ্যান চালিয়ে সংসার চলে শাকিলের। গত কয়েককদিন ধরে সংসারের নানা বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিট ঘটনা ঘটে। সর্বশেষ বৃহস্পতিবার সন্ধ্যায় শাকিল তার স্ত্রীকে কিলঘুষি মারেন। এরপর দিন আকলিমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর স্বামী শাকিল শেখ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পিঠে কিলঘুষি মেরেছি। এরপর রাতে শয়ন কক্ষে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ি। আমার মেয়ে ঘুম থেকে জেগে ওঠায় আমারও ঘুম ভেঙে যায়। এরপর দেখি আমার ওপর অভিমান করে স্ত্রী গলায় ওড়নার ফাঁস দিয়ে দরজার সামনে ঝুলছে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ ময়না তদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights