রাজশাহীতে জমজমাট নির্বাচনি প্রচারণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে সকাল থেকে প্রচারণায় নেমে পড়ছেন প্রার্থীরা। শুক্রবার রাজশাহী-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রচারণা চালিয়েছেন বাঘা পৌর এলাকায়। জুমার নামাজ আদায় করেন বাঘা শাহী মসজিদে। এরপর মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা প্রচারণা চালিয়েছেন পুঠিয়া উপজেলার ভাল্লুুকগাছী ইউনিয়নের বিভিন্ন এলাকায়। রাজশাহী-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান আসাদ পবা উপজেলার মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী তনোরের চান্দুরিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা করেন। তিনি চান্দুরিয়া ইউনিয়নের কাঁঠালপাড়া, রাতৈল আদিবাসী পাড়ায় পথসভা করেন এবং নৌকার পক্ষে ভোট চান। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি কলমা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পথসভা করেন বিল্লি বাজারে।

রাজশাহী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান বাদশা আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন মেডিকেল কলেজ অডিটোরিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights