নারায়ণগঞ্জে শ্রমিককে হত্যার ঘটনায় মামলা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের ফতুল্লার শিয়াচর তক্কার মাঠ এলাকায় সিয়াম (১৮) নামে এক হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার নিহত সিয়ামের বাবা আব্দুল হালিম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে এ মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার রাতে নিহত সিয়াম তার বন্ধুদের নিয়ে শিয়াচর তক্কার মাঠ বুড়ির গ্যারেজ সংলগ্ন বালুর মাঠে বসে আড্ডা দিচ্ছিল। এসময় পূর্ব শত্রুতার জের ধরে অভিযুক্ত আসামি সায়মন, আল আমিন, নিলয়, সোনাই ওরফে আব্দুল্লাহ, মেহেদী, পারভেজ, আদর, একরাম, মহিউদ্দিন ও সাগরসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জন সন্ত্রাসী দেশীয় তৈরি ধারালো অস্ত্র নিয়ে সিয়ামসহ তার বন্ধুদের ওপর হামলা করে।
এসময় তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত আসামিরা চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সিয়ামের মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, সিয়াম হত্যার ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। সেই সাথে অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।
