পাহাড়ে দরিদ্র জনগোষ্ঠীকে শীতবস্ত্রসহ সহায়তা দিলো সেনাবাহিনী
ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি
পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীকে শীতবস্ত্রসহ নানা সহায়তা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন। বুধবার সকাল ৯টায় সেনা রিজিয়নের প্রান্তিক মাঠে আনুষ্ঠানিকভাবে দরিদ্র ক্ষুদ্র নৃৃগোষ্ঠী ও বাঙালি পরিবারকে শীতবস্ত্র তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহেল আহমেদ।
এ ছাড়া আত্মকর্মসংস্থানের জন্য নারীদের তিনটি সেলাই মেশিন, দরিদ্র পরিবারকে ঘর মেরামত করার জন্য ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করেন তিনি। এসময় রাঙামাটি সেনা রিজিয়নের মেজর মো. মফিকুল ইসলাম, মেজর মো. তাজদিক বিন নজরুল ও জেনারেল স্টাফ অফিসার জিএসও মেজর মো. আসফিকুর রহমান উপস্থিত ছিলেন।
রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সোহেল আহমেদ বলেন, দেশের আইনশৃঙ্খলা রাক্ষার পাশাপাশি সেনাবাহিনী আত্মকর্মসংস্থান ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সহায়তা করে আসছে। বিশেষ করে পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালিদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন রচনা করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে সেনাবাহিনীর এ সহায়তা অব্যাহত থাকবে।
