আন্তর্জাতিক মিডিয়ার চোখে ভোট
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো গুরুত্বসহকারে বাংলাদেশের নির্বাচনের খবর প্রকাশ করছে। আল জাজিরা, রয়টার্স, এএফপি, সিনহুয়া, সিএনএন, এনডিটিভি, আরব নিউজসহ বিশ্বের গণমাধ্যমগুলো বাংলাদেশের নির্বাচন নিয়ে সংবাদ প্রকাশ করেছে। অনেক সংবাদমাধ্যম লাইভ রিপোর্ট প্রকাশ করেছে।
‘শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করতে নির্বাচনে বাংলাদেশ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে গার্ডিয়ান।’ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বাংলাদেশের নির্বাচনের লাইভ রিপোর্ট প্রকাশ করছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, প্রধান বিরোধী দলের বয়কটের মধ্যেও অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে ভোট গ্রহণ। বিরোধীদলগুলোর ভোট বর্জন, নিরপেক্ষ প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন তথ্য তুলে ধরেছে সংবাদমাধ্যমটি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হতে প্রস্তুত শেখ হাসিনা। প্রায় ১৭০ মিলিয়ন জনসংখ্যার দেশ বাংলাদেশ এই বছর দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম নির্বাচনে অংশ নিচ্ছে। প্রায় ১২০ মিলিয়ন মানুষ ভোট দেওয়ার জন্য নিবন্ধিত।
প্রায় একই শিরোনামে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। সংবাদমাধ্যমটি বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ রিপোর্ট প্রকাশ করছে। এটির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রবিবার স্থানীয় সময় সকাল ৮টায় দ্বাদশ সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয় এবং চলবে বিকাল ৪টা পর্যন্ত। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের জন্য টানা চতুর্থ এবং পঞ্চম মেয়াদে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। প্রায় একই শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, বিরোধীদের বয়কটের মধ্যে চলছে ভোট। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসার জন্য প্রস্তুত শেখ হাসিনা।
