গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধায় বিয়ের প্রলোভনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় এনামুল মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার সন্ধ্যায় র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার এনামুল মিয়া সদর উপজেলার উত্তর গিদারীর গাছের ভিটা এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ জানুয়ারি দিবাগত রাত ৮টার ওই শিশু তার বড় বোনের সাথে প্রতিবেশী ভাই জুয়েল মিয়ার বিয়ের অনুষ্ঠানে যায়। বিয়ের অনুষ্ঠান চলাকালে ওইদিন রাত সোয়া ৮টার দিকে এনামুল মিয়া ওই শিশুকে কৌশলে ডেকে নিয়ে উত্তর গিদারী এলাকার চয়ন মিয়ার পুকুর পাড়ে কলা গাছের নিচে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে আসামী এনামুল মিয়া আত্মগোপনে ছিলেন।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জানুয়রি র‌্যাব-১১ নারায়নগঞ্জ এর সহায়তায়, র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। পরে ২৮ জানুয়ারি দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রতাপনগর এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি এনামুল মিয়াকে গ্রেফতার করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার এনামুল মিয়া ওই শিশুকে বিয়ের প্রলোভনে ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights