ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় অব্যাহতি পেলেন জবি শিক্ষার্থী খাদিজা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

এক বছরের বেশি সময় কারাবাস করে আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় অব্যাহতি দিয়েছেন আদালত।

রবিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এই আদেশ দেন। ওই আদালতের স্টেনোগ্রাফার মামুন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কলাবাগান থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে অব্যাহতি চেয়ে খাদিজাতুল কুবরার আইনজীবী আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত এ মামলা থেকে খাদিজাতুল কুবরাকে অব্যাহতির আদেশ দেন। এ ছাড়া নিউমার্কেট থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খাদিজাতুল কুবরার বিরুদ্ধে আগামী ২৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠন বিষয় শুনানির দিন ঠিক করেছেন আদালত।
খাদিজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা হয়। একটি মামলা হয় রাজধানীর কলাবাগান থানায়, অন্যটি নিউমার্কেট থানায়। দুটি মামলার বাদী পুলিশ।

২০২২ সালের মে মাসে দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। এ অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে ২০২২ সালের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেফতার করে নিউমার্কেট থানা-পুলিশ। এরপর বিচারিক আদালতে দু’বার খাদিজার জামিন আবেদন নাকচ হয়। পরে তিনি হাইকোর্টে জামিনের আবেদন করেন।

গত বছরের ১৬ ফেব্রুয়ারি খাদিজার জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন চেম্বার আদালত। পাশাপাশি রাষ্ট্রপক্ষের করা আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। গত ১৫ নভেম্বর খাদিজার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। ২০ নভেম্বর খাদিজাতুল কুবরা গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights