শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে শ্রমিক লীগ নেতা মো. জোবায়ের হোসেনের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহাদাত নামে আরেক যুবক জোবায়েরকে সহযোগিতা করেছে বলে জানিয়েছেন ওই গৃহবধূ। অভিযুক্ত জোবায়ের রামগতি উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও চর আলগী ইউনিয়নের চর সেকান্তর গ্রামের মৃত খুরশিদ মাওলানার ছেলে। শাহাদাতের একই এলাকার সাহাবুদ্দিনের ছেলে। ভিকটিম নারী ওই এলাকার এক গৃহবধূ।

গৃহবধূ অভিযোগ করেন, গত ২০ জানুয়ারি দুপুরে তিনি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে যাবার পথে শাহাদাত তার গতিরোধ করে। এ সময় তাকে জোরপূর্বক শ্রমিক লীগ নেতা জোবায়েরের অফিসের নিয়ে তার হাতে তুলে দেয়। শাহাদাত বাহিরে পাহারায় ছিল। সেখানে জোবায়ের তাকে ধর্ষণ করে এবং ঘটনাটি অন্য কাউকে না জানানোর জন্য হুমকি দেয়।

ওই গৃহবধূর মা বলেন, আমি ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। শনিবার দুপুরে আমি গ্রামের বাড়িতে এসে বিষয়টি জানতে পেরেছি। আমাদের বাড়ি থেকে মেয়ে শ্বশুরবাড়ি থেকে যাবার পথে শাহাদাত তাকে জোবায়েরের হাতে তুলে দেয়। পরে জোবায়ের তার ব্যক্তিগত অফিসে নিয়ে মেয়ের সর্বনাশ করে। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযোগ অস্বীকার করে শ্রমিক লীগ নেতা জোবায়ের হোসেন বলেন, এলাকার শাহাদাত ও সোহাগ আমার অফিসের পেছনে ধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে বলে শুনেছি। এর সঙ্গে আমি জড়িত নই। পুলিশ শনিবার রাতে এসে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। রাজনৈতিক প্রতিহিংসাবসত আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারী বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদের কাছে অভিযোগও করেনি।
রামগতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, ক্ষতিগ্রস্ত গৃহবধূকে দেখে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী মনে হচ্ছে। ধর্ষণের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মামলার কার্যক্রম শেষ করেই আসামিকে গ্রেফতারে অভিযান চালানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights