রাজধানীতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর কদমতলী থানার দনিয়া এলাকায় বন্ধুদের সাথে ঘুরে এসে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত ওই শিক্ষার্থীর নাম নাজমুল সাকিব নিলয় (১৬)।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের মা নাজনীন আক্তার বলেন, নিলয় দনিয়া এ কে হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে আমাকে বলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন বন্ধু তাকে অচেতন অবস্থায় বাসায় রেখে যায়। তারা জানায়, নিলয় একটি ছাদ থেকে পড়ে গিয়ে অচেতন হয়েছে। এ কথা বলে তারা দ্রুত বাসা থেকে চলে যায়। আমি তাদের চিনিও না। পরে নিলয়কে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যারা নিলয়কে ডেকে নিয়ে গিয়েছিল তারাই তাকে মেরে ফেলেছে বলে অভিযোগ করেন নাজনীন আক্তার। তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি থানার জিংলাতলী গ্রামে। কদমতলীর দনিয়া সরাইল মসজিদ রোড এলাকায় ভাড়া থাকেন তারা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে স্কুলছাত্র নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights