সিরাজগঞ্জে প্রবীণ সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী আর নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের প্রবীণ সাংবাদিক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরী মারা গেছেন। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে সিরাজগঞ্জের জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমিনুল ইসলাম চৌধুরী সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বাহুকা গ্রামে জন্মগ্রহণ করেন এবং শহরের এসএস রোডস্থ নিজ বাসভবনে বসবাস করতেন। আমিনুল ইসলাম চৌধুরী মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আহবায়ক আব্দুল কুদ্দুস জানান, আমিনুল ইসলাম চৌধুরী সিরাজগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য ছিলেন। দৈনিক ইত্তেফাক পত্রিকায় উত্তরাঞ্চলীয় ব্যুরো চিফ ও বাংলাদেশ টেলিভিশনের সিরাজগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকও ছিলেন। রবিবার বাদ মাগরিব সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে মালশাপাড়া কবরস্থানে তার মরদেহের দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, সাবেক সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার ও সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাসহ জেলায় কর্মরত সকল সাংবাদিক গভীর শোক প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights