ভুট্টাক্ষেত থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
মেহেরপুর প্রতিনিধি
নিখোঁজের ২৪ ঘণ্টা পর আইয়ুব আলী (৫০) নামে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে মুজিবনগর থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে মুজিবনগর থানা পুলিশ। নিহত আইয়ুব আলী মুজিবনগর উপজেলার বল্লভপুর গ্রামের মৃত খোদাবক্সের ছেলে।
স্থানীয়রা জানান, গত ২৪ ঘণ্টা থেকে নিখোঁজ ছিলেন আইয়ুব আলী। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে স্বজনরা মাইকিং করেন। সকালে কৃষকরা ভুট্টাক্ষেতে কাজ করতে গিয়ে তার মরদেহ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত জানান, ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ একাধিক টিম উপস্থিত হয়ে কাজ করছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না অন্য কিছু।
