সালাহউদ্দীন সুমনের নেতৃত্বে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযানে যাচ্ছেন বাংলাদেশি পর্যটকরা
অনলাইন ডেস্ক
বিশ্বের দুর্গম দুই মেরু অঞ্চল আর্কটিক ও অ্যান্টার্কটিকা ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলছে। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক এক্সপেডিশন অপারেটর ওশানওয়াইড এক্সপেডিশনস বাংলাদেশি ট্যুর অপারেটর বেঙ্গল ভিসতা ট্যুরসকে তাদের বাংলাদেশি পার্টনার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে এখন থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমে বাংলাদেশি ভ্রমণপিপাসুরা আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযানের বুকিং করতে পারবেন।
এই উদ্যোগের ধারাবাহিকতায় ২০২৭ সালের জুলাইয়ে বাংলাদেশি পর্যটকদের একটি বড় দল নিয়ে আর্কটিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বেঙ্গল ভিসতা ট্যুরস। নরওয়ের স্ভালবার্ড অঞ্চলের স্পিটসবার্গেনকে কেন্দ্র করে এ অভিযান পরিচালিত হবে। সম্প্রতি নেদারল্যান্ডসের ভ্লিসিংজেনে অবস্থিত ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রধান কার্যালয় পরিদর্শন করেন বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিনিধিরা। এ সময় প্রতিষ্ঠান দুটির কর্মকর্তারা ভবিষ্যৎ সহযোগিতা এবং বাংলাদেশ থেকে মেরু অঞ্চলে পর্যটক পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বেঙ্গল ভিসতা ট্যুরসের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ সালাহ উদ্দিন ভ্রমণবিষয়ক কনটেন্ট নির্মাতা হিসেবে সালাহউদ্দীন সুমন নামে পরিচিত। তিনি এ অংশীদারির জন্য ওশানওয়াইড এক্সপেডিশনসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে অ্যান্টার্কটিকা অভিযান বাস্তবায়নে প্রতিষ্ঠানটির সেলস ডিরেক্টর হেলেন ও তার দলের সহযোগিতার কথা উল্লেখ করেন তিনি।
২০২৭ সালের জুলাইয়ের আর্কটিক অভিযানে পর্যটকেরা ওশানওয়াইডের আধুনিক এক্সপেডিশন জাহাজ এমভি হন্ডিয়াসে ভ্রমণ করবেন।
এ অভিযানে বরফাচ্ছাদিত প্রান্তর, বিশাল হিমবাহ ও গভীর ফিয়র্ড দেখার পাশাপাশি মেরুভালুক, ওয়ালরাসসহ আর্কটিকের বিভিন্ন বন্যপ্রাণী দেখার সুযোগ থাকবে। তবে বন্যপ্রাণীর দেখা পাওয়া এবং তীরে নামার কার্যক্রম আবহাওয়া ও বরফের পরিস্থিতির ওপর নির্ভর করবে।
বাংলাদেশি দলের নেতৃত্ব দেবেন সালাহউদ্দীন সুমন। তার সঙ্গে এক্সপেডিশন লিডার হিসেবে থাকবেন বেঙ্গল ভিসতা ট্যুরসের নির্বাহী পরিচালক নিলয় কুমার বিশ্বাস।
সালাহউদ্দীন সুমন ও নিলয় কুমার বিশ্বাস এর আগে আর্কটিক ও অ্যান্টার্কটিকা অঞ্চলে অভিযান করেছেন। তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত মেরু অঞ্চলভিত্তিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে বেঙ্গল ভিসতা ট্যুরস।
প্রতিষ্ঠানটির লক্ষ্য, বাংলাদেশ থেকেই বুকিং, ভ্রমণ পরিকল্পনা ও প্রয়োজনীয় প্রস্তুতির সহযোগিতা দিয়ে পর্যটকদের কাছে এ ধরনের ব্যতিক্রমী অভিযান সহজলভ্য করা। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে দেশের পর্যটন খাতে অ্যাডভেঞ্চার ও এক্সপেডিশন ট্যুরিজমের নতুন সম্ভাবনা তৈরি হবে।
