বাংলাদেশ ওআইসিতে মিশন কার্যক্রম শুরু করবে শিগগিরই
অনলাইন ডেস্ক
ইসলামি সহযোগিতা সংস্থায় (ওআইসি) বাংলাদেশের স্থায়ী মিশন খোলার সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। শিগগিরই এ মিশন কার্যক্রম শুরু করবে বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, বর্তমানে ৬০টি দেশে বাংলাদেশের মোট ৮১টি দূতাবাস/হাইকমিশন/স্থায়ী মিশন/কনস্যুলেট জেনারেল/উপহাইকমিশন/সহকারী হাইকমিশন রয়েছে। চলমান যুদ্ধের কারণে সুদানে অবস্থিত বাংলাদেশ মিশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।
সেহেলী সাবরীন বলেন, দেশগুলোতে বাংলাদেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার/স্থায়ী প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন। ভিয়েনা কনভেনশন অনুসারে রাষ্ট্রদূত/হাইকমিশনার/স্থায়ী প্রতিনিধি নিয়োগ করা হয়ে থাকে। বর্তমানে দুটি দেশে (বাহরাইন ও মরিশাস) নতুন রাষ্ট্রদূত নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
