প্রকাশ্যে ধূমপান করলেই আইনগত ব্যবস্থা : সিমিন হোসেন

গাজীপুর প্রতিনিধি

মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেছেন, ‘ধূমপান ক্যান্সারের অন্যতম কারণ। শতকরা ৩০% লোকের ক্যান্সার হয় ধূমপানের কারণে।’

‘যিনি ধূমপান করেন তার চেয়ে বেশি ক্ষতি হয় ধূমপায়ীর পাশে থাকা ব্যক্তির। কারণ, তিনি ওই সিগারেটের ধোয়াটাও নিচ্ছেন সঙ্গে তার কার্বন-ডাই-অক্সাইডও নিচ্ছেন। সেজন্য ধূমপানের চেয়ে পাশে থাকা ব্যক্তির ক্ষতি বেশি হয়। তাই মানুষকে ধূমপান থেকে এবং প্রকাশ্যে ধূমপান থেকে সতর্ক করতে হবে। প্রয়োজন বোধে প্রকাশ্যে ধূমপান করলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কাপাসিয়ায় শুক্রবার দিনব্যাপী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে র‌্যালি, কাপাসিয়া উপজেলা ক্যান্সার সেন্টার উদ্বোধন, মুখের ক্যান্সার সম্পর্কে সচেতনতা ও প্রাথমিক পর্যায়ে ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মঞ্চে উপস্থিত থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) মোহাম্মদ আলী সিদ্দিকীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন।

শান্তি ক্যান্সার ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার টোক ইউনিয়নের শরীফ মমতাজ উদ্দিন আহম্মেদ কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের প্রচার সম্পাদক ডাক্তার রাহনুমা পারভীনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ক্যান্সার বিশেষজ্ঞ ও শান্তি ক্যান্সার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার পারভিন সাহিদা আক্তার।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, নারী ভাইস চেয়ারম্যান রৌশনারা সরকার, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিলকিছ ইসলাম, টোক ইউপি চেয়ারম্যান এম এ জলিল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উদ্দিন আহাম্মদ সেলিম, ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সরা।

সকাল থেকেই ডাক্তাররা চিকিৎসা দিতে থাকেন। সন্ধ্যা পর্যন্ত এ কার্যক্রম চালানো হয়। এসময় নরী-পুরুষ মিলে ৬ শতাধিক ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights