আড্ডা গানে ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের পুনর্মিলনী অনুষ্ঠিত

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একমাত্র নাট্য সংগঠন ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের (ভিসিটির) পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেল থেকে শনিবার দিনব্যাপী ওই পুনর্মিলনী সম্পন্ন হয়।

শনিবার সকালে ধর্মপুর ভিক্টোরিয়া সরকারি কলেজ ক্যাম্পাসে সংগঠনটির অফিস ভবনের সামনে সাবেক নাট্যকর্মীদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর শোভাযাত্রা করে বঙ্গবন্ধুর ম্যুরালের সামনে গিয়ে গ্রুপ ফটোসেশন করা হয়। পরে কুমিল্লার লালমাই পাহাড় এলাকার ব্লু ওয়াটার পার্কে মূল অনুষ্ঠান শুরু হয়। কবিতা, গল্প, আড্ডা, গান, নৃত্য, ফ্যাশন শো, পালা গান, ছোট্ট অভিনয়, পরিচিতি পর্ব, কুইজসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রঙিন দিনের অনেক মজার মজার গল্প তুলে ধরেন অনেকে। ভিসিটির আজকের অবস্থানে আসতে যাদের অক্লান্ত পরিশ্রম হয়েছে সেই সারথিদের স্মরণ করা হয়।

অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ ও সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক ড. আবু জাফর খান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক হাসনাত আনোয়ার উদ্দিন, কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ও সংগঠনটির প্রতিষ্ঠাকালীন প্রধান উপদেষ্টা অধ্যাপক জহিরুল ইসলাম পাটোয়ারী, বিশিষ্ট নাট্যকার শাহজাহান চৌধুরী, সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি চলচ্চিত্র নির্মাতা আনোয়ার হোসেন আলমসহ সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক, প্রতিষ্ঠাকালীন সদস্যসহ বর্তমান সভাপতি-সাধারণ সম্পাদক, কার্যকরী পরিষদের সদস্যরা।
শ্রদ্ধাভরে স্মরণ করা হয় প্রয়াত নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে। তনুর আত্মার মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি তার হত্যাকারীদের নাম প্রকাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অনেকে।

জানা যায়, ২০০৯ সালে ২১ ফেব্রুয়ারি এক ঝাঁক তরুণ নাট্য ও সাংস্কৃতিক কর্মী নিয়ে গড়ে উঠে ভিক্টোরিয়া কলেজ থিয়েটার (ভিসিটি)। সংগঠনটির মূল স্লোগান নাট্য চর্চার মাধ্যমে বিবেককে জাগ্রত করো। সেই থেকে যাত্রা শুরু করে মঞ্চ নাটক ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দেশব্যাপী জনপ্রিয়তা লাভ করে সংগঠনটি। বর্তমানে ১৬ তম বর্ষে পদার্পণ করেছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights