ছোট ছোট পাপ মানুষকে বড় বড় পাপের পথে পরিচালিত করে
মুফতি ইবরাহিম সুলতান
পাপ পাপই। হোক সেটা বড় কিংবা ছোট। বড় পাপ থেকে সাধারণত মানুষ সতর্ক থাকলেও অনেক ক্ষেত্রে ছোট পাপকে তেমন কোনো গুরুত্বই দেয় না। অথচ এর থেকেও নিরাপদ থাকতে আল্লাহর নবী উম্মতকে জোরালো নির্দেশ দিয়েছেন।
হাদিসের পরিভাষায় একে ‘মুহাক্কারাত’ বলে। এ শব্দের ব্যাখ্যায় হাদিস বিশারদরা বলেছেন, এটি এমন পাপ, যার প্রতি মানুষ ভ্রুক্ষেপ করে না। ইমাম মুনাভি (রহ.) বলেন, ‘মুহাক্কারাত হলো ছোট ছোট পাপ। মহানবী (সা.) তা থেকে বিরত থাকতে বলেছেন, কারণ তা বড় বড় পাপের পথে মানুষকে পরিচালিত করে।
যেমন—ছোট ছোট আনুগত্য মানুষকে বড় বড় আনুগত্যের জন্য প্রস্তুত করে।’ (ফয়জুল কাদির : ৩/১৬৪)
সাহাল ইবনে সাঈদ (রা.) গুনাহের ব্যাপারে সতর্ক করে বলেন, ‘তোমরা ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও। ছোট ছোট গুনাহের উদাহরণ ওই লোকদের মতো, যারা কোনো খোলা মাঠে বা প্রান্তরে গিয়ে অবস্থান করল এবং তাদের প্রত্যেকেই কিছু কিছু করে লাকড়ি সংগ্রহ করে নিয়ে এলো। শেষ পর্যন্ত তারা এ পরিমাণ লাকড়ি সংগ্রহ করল, যা দিয়ে তাদের খাবার পাকানো সম্পন্ন হলো।
নিশ্চয়ই (তাওবা ব্যতীত) ছোট ছোট গুনাহ যখন জমে যাবে, তখন তাদেরকে ধ্বংস করে ফেলবে।’
অন্য এক বর্ণনায় এসেছে, ‘তোমরা ছোট ছোট গুনাহ থেকে সাবধান হও, কেননা সেগুলো মানুষের কাঁধে জমা হতে থাকে, অতঃপর তাকে ধ্বংস করে দেয়।’
(সহিহুল জামে : ২৬৮৬)
