নড়াইলে শিশুকে হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় তিন বছরের শিশু সন্তান নুসরাত জাহানকে হত্যার অভিযোগ উঠেছে পিতা ও সৎ মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর পিতা সজিব কাজী (৩৫) ও সৎ মা জুবায়দা বেগমকে (৩০) পুলিশ আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে শিশু নুসরাত জাহানের আপন মা রুপা বেগমের সঙ্গে পিতার ছাড়াছাড়ি হওয়ার পর নুসরাত ও তার ভাই সৎ মা জুবায়দা বেগম ও পিতার কাছে থাকতো। ওই দুই শিশুকে সৎ মা প্রায়ই মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার নুসরাতকে ঘুম পাড়ানোর কথা বলে ঘরে নিয়ে যায় তার সৎ মা। পরবর্তীতে বাড়ির অন্য সদস্যরা নুসরাত জাহানকে মৃত অবস্থায় দেখতে পেয়ে লোহাগড়া থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ওই শিশুর পিতা ও সৎ মাকে পুলিশ আটক করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান,শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights