স্বাস্থ্য প্রতিমন্ত্রী হলেন ডা. রোকেয়া সুলতানা

অনলাইন ডেস্ক

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী হলেন সংরক্ষিত নারী আসনের এমপি এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. বেগম রোকেয়া সুলতানা।

আজ শুক্রবার নতুন সাত প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার পর তাদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ওয়াসিকা আয়শা খানকে অর্থ প্রতিমন্ত্রী, শামসুন নাহারকে শিক্ষা প্রতিমন্ত্রী, ও নাহিদ ইজাহার খানকে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী করা হয়েছে।
আর মো. শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা প্রতিমন্ত্রী করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মো. নজরুল ইসলাম চৌধুরী। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল ওয়াদুদ।

আগে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়- এ ছয় মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছিলেন। এখন মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়- এ চার মন্ত্রণালয় ও বিভাগ নিজের কাছে রেখেছেন প্রধানমন্ত্রী।

এর আগে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নওগাঁও-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ এবং চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রোকেয়া সুলতানা, শামসুন নাহার, ওয়াসিকা আয়শা খান ও নাহিদ ইজাহার খানকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

নতুন সাতজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ায় মন্ত্রিসভার সদস্য সংখ্যা হলো প্রধানমন্ত্রীসহ ৪৪ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১৮ জন প্রতিমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights