নিখোঁজের তিন দিন পর সেপটিক ট্যাংকে মিলল যুবকের মরদেহ
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে শরিফুল ইসলাম পাভেল (৩৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের রঘুনাথপুর এলাকার সিরাজুল ইসলামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাংক থেকে পাভেলের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত ৯ মার্চ সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন পাভেল।
নিহত শরিফুল ইসলাম পাভেল বল্লমঝাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সামাদ আকন্দের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, গত ৯ মার্চ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেননি পাভেল। এরপর তার পরিবারের পক্ষ থেকে গাইবান্ধা সদর থানায় একটি নিখোঁজের জিডি করা হয়।
এ বিষয়ে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, ‘প্রায় ৬ মাস আগে রঘুনাথপুর এলাকার শাহিনের মেয়ে শিলা ও হকের ছেলে রায়হান গোপনে রেজিস্ট্রি বিয়ে করে। ওই রেজিস্ট্রি বিয়েকে মিমাংসা করার জন্য টাকাপয়সা লেনদেনসহ চুক্তিও হয় পাভেলের সাথে। এঘটনাকে কেন্দ্র করে পাভেলের সাথে তাদের বিরোধ চলছিলো। এর পর গত ৯ তারিখে নিখোঁজ হন পাভেল।’
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘নিখোঁজের তিনদিন পর পরিত্যক্ত এক বাড়ির সেপটিক ট্যাংক থেকে পাভেলের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
