টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন মুশফিকুর রহিম। তার আঙুলে স্ক্যান করিয়ে চিড় ধরা পড়েছে। যে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হবে না তার।

সোমবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পান মুশফিক। তাসকিন আহমেদের করা বল তালুবন্দি করতে গেলে সেটি আঘাত করে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে। এ সময় ফিজিওর তত্ত্বাবধানে মাঠে সেবা-শুশ্রূষাও করা হয় তার। সেই চোট নিয়ে পরে কিপিং এবং ব্যাট করে দলের জয়ে ভূমিকা রাখেন মুশফিক।

গণমাধ্যমকে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‌‘মুশফিকের বুড়ো আঙুলে চিড় ধরা পড়েছে। তাকে আমরা পাচ্ছি না। অফিসিয়ালি জানাব তার বদলে কাকে নেওয়া যায়।’
জানা গেছে, চোট থেকে সেরে উঠতে অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। এ জন্য শ্রীলঙ্কা বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারবেন না মুশফিক।

মুশফিকের পরিবর্তে কাকে দলে নেওয়া হবে সেটি এখনো চূড়ান্ত করতে পারেননি নির্বাচকরা।

লঙ্কানদের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন মুশফিক। তিন ম্যাচে করেছেন ১৩৫ রান, সিরিজের পঞ্চম সর্বোচ্চ রানসংগ্রাহক।

আগামী ২২ মার্চ সিলেটে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights