এবার মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছে চারুকলার শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি

উন্নয়ন ও সংস্কারের জন্য চারুকলা বন্ধ ঘোষণা করায় এবার মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলার শিক্ষার্থীরা। তাদের দাবি চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নিয়ে আসা। এই এক দফা দাবিতে রবিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

চারুকলার ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির রায়হান অভি বলেন, শিক্ষামন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছিলেন যে সাত দিনের মধ্যেই সংস্কার কার্যক্রম এবং ক্যাম্পাসে স্থানান্তরের প্রক্রিয়া দৃশ্যমান হবে। কিন্তু আমরা তার কোনো কিছুই দেখিনি। এর মধ্যে আমাদেরকে চারুকলার ক্যাম্পাস এবং হোস্টেল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আমরা তাও মেনে নিয়েছি। কিন্তু আমরা এখনও চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে অটল আছি। চারুকলা বন্ধ করলেও মূল ক্যাম্পাস তো আমাদের জন্য বন্ধ না। তাই আমরা মূল ক্যাম্পাসে এসে অবস্থান নিয়েছি। আমাদের একটাই দাবি, চারুকলাকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে আনা হোক।

দ্বিতীয় বর্ষে শিক্ষার্থী আফরিন বিনতে আলম তমা বলেন, ৯৫ দিন পার হয়ে গেলেও এখনও কোন সুরাহা হয় নাই। আমাদের একটাই দাবি মূল ক্যাম্পাসে আসতে চাই। এতোদিন আমাদের দাবি ছিলো স্থানান্তরের প্রক্রিয়া যে চলতেছে তার কোনো প্রমাণ দেখানো। কিন্তু তারা আমাদের সুনির্দিষ্ট কিছুই দেখাতে পারেননি। এখন আমাদের একটাই দাবি চারুকলা মূল ক্যাম্পাসে প্রত্যাবর্তন করা। হঠাৎ করে বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিচ্ছে। অনলাইনে ক্লাস নিবে এটা কোন সমাধান হতে পারে না। আমরা ক্লাস করলে সেটা ক্যাম্পাসে এসে করবো।
প্রসঙ্গত, চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা ২২ দফা দাবিতে গত বছরের ২ নভেম্বর ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি শুরু করেন। শুরুতে তাদের আন্দোলন ইনস্টিটিউটের সংস্কার কেন্দ্রীক থাকলেও পরবর্তীতে তা ক্যাম্পাসে স্থানান্তরের একদফা দাবিতে রূপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights