প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অনন্য নজির স্থাপন করেছেন : ধর্মমন্ত্রী
অনলাইন ডেস্ক
ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে অনন্য নজির স্থাপন করেছেন।’ বৃহস্পতিবার বিকালে ঢাকায় আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে একটি বেসরকারি টিভি চ্যানেল আয়োজিত এক অনুষ্ঠানে ধর্মমন্ত্রী একথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পরপরই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামের খেদমতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। এর সুফল জাতি এখন ভোগ করছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে মুসলিম বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো ইসলামের ঐতিহ্য ও ইসলামি জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। -বাসস
