ক্ষেপণাস্ত্র দিয়ে বেলুন ধ্বংস আমেরিকার, প্রতিক্রিয়ায় কী বলল চীন?

অনলাইন ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমা থেকে চীনের আলোচিত সেই বেলুনটি ধ্বংস করার ঘটনায় প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায়। এতে বলা হয়, আমেরিকা বেলুনের বিষয়ে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছে এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন করেছে।

রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, চালকবিহীন বেসামরিক আকাশযানটিতে হামলায় পেন্টাগন যে শক্তি ব্যবহার করেছে, তা নিয়ে চীন তীব্র অসন্তোষ ও প্রতিবাদ জানাচ্ছে।
প্রয়োজনে এ ব্যাপারে আরও পদক্ষেপ নেওয়া হবে। কয়েকদিন আগে উত্তর আমেরিকার আকাশে চীনা বেলুনটি শনাক্ত করা হয় এবং আমেরিকা সেটিকে ‘গোয়েন্দা বেলুন’ বলে দাবি করে আসছিল। কিন্তু চীন বারবারই বলেছে, আবহাওয়া সংক্রান্ত গবেষণার জন্য বেলুনটি আকাশে ওড়ানো হয়েছে এবং বাতাসের গতি বেশি থাকায় বেলুনটি সুনির্দিষ্ট অবস্থান ও পথ থেকে সরে গিয়ে আমেরিকার আকাশে ঢুকে পড়েছে।

কিন্তু চীনের একথায় কান দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র, বরং বেলুনটিকে কেন্দ্র করে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়েছে।

এমন অবস্থায় মার্কিন প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগন বলেছে, শনিবার এফ-২২ র‍্যাপ্টর যুদ্ধবিমান থেকে একটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে বেলুনটি ধ্বংস করা হয়েছে। এই বেলুন নিয়ে উত্তেজনার জেরে গত শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বেইজিংয়ে বিরল একটি সফর বাতিল করেন। সূত্র: নিউইয়র্ক টাইমস, ব্লুমবার্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights