ট্রাকে করে যাচ্ছিল গরু, আটক করলো পুলিশ
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে দুইটি চোরাই গরুসহ দুই গরু চোরকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর পৌর এলাকার কুলপদ্দি চৌরাস্তা থেকে বুধবার দিবাগত রাত তিনটার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল রাতে ডিউটি করার সময় কুলপদ্দি চৌরাস্তায় একটি চেকপোস্ট বসায়। ওই এলাকা দিয়ে রাত আড়াইটার দিকে একটি পিকআপ ভ্যানে দুটি গরু নিয়ে শরীয়তপুরের দিকে যাওয়ার সময় পিকআপ থামিয়ে দুইজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সদস্যরা। এ সময় তাদের এলোমেলো কথায় কর্তব্যরত কর্মকর্তার সন্দেহ হলে মো. তরিকুল মোল্লা (২৭) ও পিকআপ চালক রবিন শেখকে (২৫) আটক করে থানায় নিয়ে যায়।
থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদে দুইজনই স্বীকার করেন, গোপালগঞ্জের মুকসুদপুর থেকে গরু চুরি করে পিকআপে করে শরীয়তপুর গোসাইর হাটে নিয়ে যাচ্ছিলেন তারা। আটককৃতদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন ছিল।
আটককৃত মো. তরিকুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার খাঞ্জাপুর বাঁশবাড়িয়া এলাকার সাহেব আলী মোল্লার ছেলে। আর রবিন শেখ ফরিদপুরের সলথা উপজেলার জগন্নাথদী গ্রামের কিতাব আলীর ছেলে।
