গলাচিপায় ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

‘ভালো থেকো আব্বু আম্মু’ ফেসবুকে এমন পোস্ট দিয়ে গলাচিপায় তাওরিন আহমেদ (২০) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডাকুয়া ইউনিয়নের বড়চত্রা গ্রামে নিজ বাড়িতে। তাওরিন ওই গ্রামের মাহাতাব হাওলাদারের ছেলে।

মৃতের চাচা জালাল হাওলাদার জানান, তাওরিন ঢাকার উত্তরা ইউনাইটেড কলেজের স্নাতক স্তরের ছাত্র। ৫-৬ দিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। পরিবারের কাছে মোটরসাইকেল কেনার জন্য বলেছিলেন। শুক্রবার তাওরিনের বাবা-মা চিকিৎসার জন্য ঢাকা গেলে বাসায় তিনি একা ছিলেন। রাতের কোনো এক সময় ফাঁকা ঘরে ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয়। বাড়ির লোকজন শনিবার সকাল বেলা তাওরিনকে ডাকতে গেলে তার ঘর ভেতর থেকে আটকানো ছিল। ঘরের জানালা দিয়ে তাওরিনের ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তাওরিন মাদকাসক্ত ছিল এবং প্রায় দুই বছর আগে তাকে মাদক নিয়াময় কেন্দ্রে পাঠানো হয়েছিল বলেও তিনি জানান।

শুক্রবার দিবাগত রাত ২টায় তাওরিন আহম্মেদ নামে ফেসবুক আইডি থেকে পোস্ট দেওয়া হয়। এতে লেখা ছিল, ‘ভালো থেকো আব্বু আম্মু , তোমাদের অনেক কষ্ট দিছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও প্লিজ। তোমাদের আর কষ্ট দিতে চাইনা, আমি তাই তোমাদের ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। ভালো থেকো তোমরা আর আমাকে ক্ষমা করে দিও তোমাদের কষ্ট দেওয়ার জন্য।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ ফেরদাউস আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights