বছরে ২০ ফিলিস্তিনি শিক্ষার্থীকে বৃত্তিসহ ভর্তি নেবে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কমপক্ষে ২০ জন ফিলিস্তিনি মেধাবী শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের বৃত্তি ও আবাসিক সুবিধাসহ আন্ডারগ্র্যাজুয়েট ও মাস্টার্সে ভর্তির সুযোগ দেওয়া হবে। ঢাবিতে অধ্যয়নকালে তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) উপাচার্য কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন মাকসুদ কামাল।

উপাচার্য বলেন, ফিলিস্তিন বিশেষ করে গাজার অধিবাসীদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বর ও নির্মম হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জনগণ ফিলিস্তিনি বন্ধুদের প্রতি সবসময় সহানুভূতিশীল। ফিলিস্তিনি শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং ভর্তির বিষয়ে গভীর আগ্রহ প্রকাশের জন্য (আপনাকে) রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানাই।

সাক্ষাৎকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও ঢাবি উপাচার্য পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থী ভর্তি, বৃত্তি এবং আবাসিক সুবিধা প্রদানের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন।

এসময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নে আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থী বিশেষ করে নারী শিক্ষার্থীদের ভর্তি ও বৃত্তি প্রদানের জন্য উপাচার্যকে অনুরোধ করেন।

এস ওয়াই রমাদান বলেন, বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ১৯৭১ সালে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তি স্থাপন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও আন্তর্জাতিক ফোরামে ফিলিস্তিনি জনগণের পক্ষে জোড়ালো অবস্থান নিয়েছেন।

এসময় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মুর্তুজা এবং জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights