ঝড়ে লণ্ডভণ্ড বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচের ভেন্যু, সিরিজ নিয়ে শঙ্কা

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে পা রেখেছে বাংলাদেশ দল। বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগামী ২১, ২৩ ও ২৫ মে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়ার কথা।

এ জন্য গতকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় হাউসটনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছে যায় নাজমুল হোসেন শান্তর দল। সেখানে পৌঁছেই ঝড়ের দেখা পেল টাইগাররা। সেই ঝড়ের কারণে শঙ্কায় পড়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ।

যুক্তরাষ্ট্রর বেশিরভাগ ক্রিকেট মাঠের স্থাপনা অস্থায়ী। হাউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সেরও তাই। এই মাঠে আগামী মঙ্গলবার থেকে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে মাঠের অস্থায়ী স্থাপনা। তাই সিরিজ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
ইএসপিএন ক্রিকইনফোর যুক্তরাষ্ট্র প্রতিনিধি পিটার ডেলা পেনা তার এক্স একাউন্টে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‌‘২১ মে থেকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রর মধ্যকার সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার হিউস্টনে বড় ধরনের ঝড় হয়ে গেছে। অস্থায়ীভাবে নির্মিত প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের বেশিরভাগ স্থাপনা ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে।’

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসি) অস্থায়ী ডাগআউট এবং ভিআইপি তাবুসহ যে অস্থায়ী অবকাঠামো স্থাপন করা হয়েছিল তার বেশিরভাগই ঘণ্টায় ৭৫ মাইল গতির ঝড়ে ভেঙেচুরে একাকার! খেলোয়াড়দের ডাগআউট, ভিআইপি টেন্ট, সাইটস্ক্রিনসহ মাঠের সব স্থাপনাই অস্থায়ী। এসব অস্থায়ী স্থাপনাই ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে। এমনকি প্র্যাকটিস নেটও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রচার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডই ঝড়ে উড়ে গেছে। এই পরিস্থিতি জানাচ্ছে এই মাঠে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের আয়োজন অনিশ্চিত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights