দুই বোনকে হাতুড়ি দিয়ে পেটালেন ছাত্রলীগ নেতা

পাবনা চাটমোহরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে জমজ দুই বোনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার উথুলি খামারপাড়া গ্রামে ঘটনা ঘটে।

আহত জমজ দুই বোন হলেন মিম (২০) ও লাম (২০)। তারা পৌর এলাকার রেজাউল করিম রিজুর মেয়ে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা রফিকুল ইসলামের ছেলে আলিফ ইয়ামিন পায়েল (২২)। তিনি চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন আহত দুই মেয়ের বাবা রেজাউল করিম রিজু।
লিখিত অভিযোগে জানা গেছে, ঘটনার সময় বাড়ির পাশে কদম গাছের ডাল কাটছিলেন ছাত্রলীগ নেতা পায়েল। এ সময় প্রতিবেশী রেজাউল করিমের মেয়ে লাম গাছ কাটার সময় তাদের কলা গাছ যেন নষ্ট না হয় তাকে সে কথা বলেন।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগ নেতা পায়েল হাতুড়ি দিয়ে লামকে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় তার জমজ বোন মিম এগিয়ে আসলে তাকেও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে পায়েল ও তার বাবা-মা লাঠি দিয়ে জমজ দুই বোনকে বেধড়ক মারধর করে। এ সময় তাদের চিৎকারে পরিবারের লোকজন ও এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে অভিযুক্ত চাটমোহর পৌর ছাত্রলীগের সভাপতি আলিফ ইয়ামান পায়েল বলেন, আমার মায়ের সাথে ওরা দুই বোন মারামারি করেছে। আমি সেখানে ঠেকাতে গিয়েছিলাম। আমি তাদেরকে মারিনি। আমাকে ফাঁসানোর জন্য অহেতুক অভিযোগ করা হয়েছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ বলেন, বিষয়টি আমি শুনেছি। যদি এ রকম ঘটনা ঘটে থাকে তাহলে আমরা তদন্ত করে সত্যতা পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights