সিলেটে আবারও বন্যার পদধ্বনি, প্রস্তুত আশ্রয়কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভারি বৃষ্টি ও হঠাৎ উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে গত মাসের শেষের দিকে বন্যা দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি-রাস্তা ঘাট, পানিবন্দী হয়ে পড়েন লাখো মানুষ। এর ঠিক দুই সপ্তাহের মাথায় সিলেটে ফের বন্যা আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় ভারতের চেরাপুঞ্জিতে ভারি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। একই সাথে সিলেটেও বৃষ্টি হচ্ছে। যার ফলে সিলেটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের আশঙ্কা করা হচ্ছে। এমনটি হলে সিলেটে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে ৫৫১টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। যেগুলো ২৯ মে বন্যার সময় প্রস্তুত করা হয়।

ইন্ডিয়া মেট্রলজিক্যাল ডিপার্টমেন্টের তথ্যমতে, মেঘালয়ের চেরাপুঞ্জিতে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকালা ৯টা পর্যন্ত) ৩৪৯ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়। বৃষ্টি হয়েছে অন্যান্য রাজ্যেও। আগামী কয়েকদিন এসব এলাকায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত) ৪.৬ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়। আর সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত ১৮৬ মি.মি. বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন জানান, সিলেটের আকাশে বজ্রমেঘ অবস্থান করছে। এর প্রভাবে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি ব্যাপক বজ্রপাতও হতে পারে।

এদিকে, সিলেট জেলা প্রশাসন পক্ষ থেকে দুর্যোগ পরিস্থিতি বিবেচনা করে ছুটির সময়ে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলার জন্য সকল কর্মকর্তাগণকে প্রস্তুতি রাখার জন্য অনুরোধ করা হয়েছে।

পাহাড়ি ঢলের পানিতে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় সতর্কতা জারি করেছেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights