গলাচিপায় মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মাদ্রাসা সুপারের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তার পদত্যাগের দাবিতে ফের শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার বেলা ১১টায় ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ওই প্রতিষ্ঠানের সুপার মো. আবু জাফর সালেহর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ, ইউপি সদস্য মনির দফাদার, মোশারেফ হোসেন বিশ্বাস, বাবুল খান, ফয়সাল হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, আবু জাফর সালেহ মাদ্রাসার সুপার পদে কর্মরত থেকে বিভিন্ন সময়ে অহেতুক কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি দেওয়া, ভুয়া শিক্ষক দিয়ে ক্লাসে পাঠদানসহ নানা দুর্নীতি ও অনিয়ম করে প্রতিষ্ঠানের ক্ষতিসাধন করেছে। এই মুহূর্তে তার প্রতিষ্ঠানে চাকরি করার আর কোনো অধিকার নেই। তার পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে আর ফিরবো না এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ বাদী হয়ে ওই মাদ্রাসা সুপার মো. আবু জাফর সালেহর পদত্যাগ দাবি করে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রের সাথে ৩৫০জনের গণস্বাক্ষর সংবলিত কপিও দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, সরেজমিন গিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
