থানা থেকে যুবলীগ নেতার পলায়ন, ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামের লোহাগাড়া থানায় পুলিশ হেফাজতে থাকা স্থানীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম পুলিশকে ফাঁকি দিয়ে থানা থেকে পালিয়ে গেছেন। সোমবার সকাল ৯টার দিকে ওই থানার ডিউটি অফিসারের রুমে এ ঘটনা ঘটে। এর আগে যুবলীগের ওই নেতাকে বিভিন্ন অভিযোগে পুলিশের হাতে তুলে দিয়েছিলো স্থানীয়রা। পলাতক সাইফুল লোহাগাড়ার কলাউজান বলিপাড়া গ্রামের বাসিন্দা।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শিবলী নোমান জানান, স্থানীয় বাসিন্দারা সাইফুলকে ধরে থানায় হস্তান্তর করেন। এরপর সে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ইতিমধ্যে ওসিসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। কিভাবে থানা থেকে অভিযুক্ত পালিয়ে গেলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাইফুলের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠছিলেন। তার বিরুদ্ধে চুরি, চাঁদাবাজি, অত্যাচার, নিপীড়নসহ একাধিক মামলা রয়েছে। কিছু মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও আছে। সোমবার ভোরে এলাকাবাসী তাকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে। ওসিকে জানিয়ে থানায় ডিউটি অফিসারের কাছে হস্তান্তর করলে তাকে ডিউটি অফিসারের রুমে বসানো হয়। সেখানে ডিউটি হস্তান্তরের সময় সে কৌশলে পালিয়ে যায়। যদিও সাইফুলকে পুলিশ জেনেবুঝে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়দের কেউ কেউ।
এ ঘটনায় থানার ওসি মো. রাশেদুল ইসলাম, ডিউটি অফিসার আমির হোসেন, এসআই নাছিমা আক্তার ও কনস্টেবল মো. এনামুল হককে প্রত্যাহার করা হয়েছে। নতুন করে ওসির দায়িত্ব দেয়া হয়েছে আরিফুর রহমানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights