জর্ডানে মসজিদের অজুর পানি পুনর্ব্যবহার করে তৈরি হচ্ছে সবুজ উদ্যান
অনলাইন ডেস্ক
তীব্র পানিসংকটের দেশ জর্ডানের আমান শহরের পশ্চিমে বালকা প্রদেশের দেইর আল্লা এলাকায় অবস্থিত আবু ওবাইদা মসজিদ। স্থানটি জর্ডান উপত্যকার অন্যতম উত্তপ্ত ও শুষ্ক অঞ্চলের অন্তর্ভুক্ত। কিন্তু সেই প্রতিকূল পরিবেশের মধ্যেই মসজিদটিকে ঘিরে গড়ে উঠেছে একটি সবুজ উদ্যান। চারপাশের খালি ফ্যাকাশে পাহাড়ের মাঝে চোখ জুড়ানো গাছপালা আর ফুলের বাগান নিয়ে এটি যেন এক অনাবিষ্কৃত মরুদ্যান।
ড্রিপ সেচ ব্যবস্থার মাধ্যমে মাটির নিচ দিয়ে শিকড়ে শিকড়ে পানি পৌঁছে দেওয়ার কারণেই এই শুষ্ক ভূমিতে এমন সবুজের সমারোহ সম্ভব হয়েছে। তবে এই সেচের পানি কোনো সরকারি বা পৌর সরবরাহ ব্যবস্থা থেকে আসছে না বরং নামাজিদের অজুর জন্য ব্যবহৃত পানি থেকেই তৈরি হচ্ছে এই সবুজ ছোঁয়া।
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে জর্ডানজুড়ে ছড়িয়ে থাকা লাখ লাখ মুসলিম হাত, মুখ ও পা ধোয়ার মাধ্যমে অজু সম্পন্ন করেন। যে দেশে একজন মানুষের জন্য নবায়নযোগ্য সুপেয় পানির বার্ষিক পরিমাণ মাত্র ৬১ ঘনমিটার; যা জাতিসংঘের নির্ধারিত চরম পানিসংকটের সীমারেখা ৫০০ ঘনমিটারের আট ভাগের এক ভাগের চেয়েও কম, সেখানে প্রতি ফোঁটা পানির মূল্যই অপরিসীম।
মসজিদের এই প্রকল্পটি পরিচালনা করছে জর্ডানিয়ান অ্যাকুয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন (জাকা)। সংস্থাটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রাউসান পরিস্থিতি ব্যাখ্যা করে বলেন, এখানকার মানুষ প্রতিদিনের জীবনসংগ্রাম থেকেই পানির তীব্র সংকট উপলব্ধি করতে পারেন। আমরা মূলত এটিই করতে চেয়েছি যে, যে মসজিদ প্রতিনিয়ত ধর্মীয় মূল্যবোধ হিসেবে অপচয় রোধ ও সংরক্ষণের শিক্ষা দেয়, সেই প্রতিষ্ঠান নিজেই এটি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে।
প্রায় ১ কোটি ১৩ লাখ জনসংখ্যার দেশ জর্ডানে প্রায় ১ কোটি মানুষই ধর্মপ্রাণ মুসলিম। দেশটির অধিকাংশ খাদ্যপণ্য বাইরে থেকে আমদানি করতে হয়। বাসাবাড়িতে পৌর সরবরাহ থেকে পানি রেশনিং করে দেওয়া হয়, যা কোনো কোনো এলাকায় সপ্তাহে মাত্র ১২ ঘণ্টার জন্য পাওয়া যায়। ফলে নাগরিকদের ছাদে পানির ট্যাংক বসিয়ে সামাল দিতে হয়। জাকার মতে, এই সংকটের মাঝে ধর্মীয় কাজে অজুর জন্য ব্যবহৃত পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, বিশ্বজুড়ে প্রায় ৩৬ লাখ মসজিদে অজুর কাজে বছরে আনুমানিক ২ কোটি ২৫ লাখ ঘনমিটার পানি ব্যবহার করা হয়। আর জর্ডানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে সাড়ে সাত হাজারের বেশি মসজিদ রয়েছে।
জাকা ২০০৮ সাল থেকেই পানির এই পুনর্ব্যবহার নিয়ে কাজ করে যাচ্ছে। আবু ওবাইদা মসজিদের অজুখখানার নিচে বিশেষ পাইপলাইন স্থাপন করা হয়েছে, যা অজুর পানিকে সরাসরি একটি শোধন ইউনিটে নিয়ে যায়। সেখান থেকে শোধিত ও ফিল্টার করা পানি বের হয়ে বাইরের বাগানে প্রবেশ করে। এতে করে যে ঝোপঝাড় ও গাছপালাগুলো বাঁচিয়ে রাখতে জর্ডানের মূল্যবান সরকারি সুপেয় পানি ব্যবহারের প্রয়োজন হতো, তা এখন সহজেই রক্ষা পাচ্ছে।
অজুর পানির সহজ শোধন প্রক্রিয়া সম্পর্কে আল-রাউসান জানান, অজুর সময় দর্শনার্থীরা কোনো সাবান ব্যবহার করেন না, তাই পানিতে কোনো রাসায়নিকের জটিলতা থাকে না। কেবল প্রাকৃতিক তলানীকরণ পদ্ধতির মাধ্যমেই এই পানি শোধন করা সম্ভব। কাদা ও বালুর পাঁচটি স্তরের মধ্য দিয়ে প্রবাহিত করে পরিষ্কার করার পর তা সেচের কাজে পুনঃপ্রবাহিত করা হয়।
মসজিদের পাথরের দেওয়ালে একটি সাদা সাইনবোর্ডে জর্ডানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের লোগো সহ প্রকল্পের উদ্দেশ্য হিসেবে পানি সংরক্ষণ ও মসজিদের পরিবেশ উন্নয়নকে উল্লেখ করা হয়েছে। তবে এই সহজ ধারণাটিকে বাস্তবে রূপ দিয়ে ১৮টি মসজিদ ও স্কুলে ছড়িয়ে দিতে জাকাকে দীর্ঘ ১৮ বছর পথ চলতে হয়েছে। আল-রাউসানের মতে, এই সম্প্রসারণের পথে বড় বাধা ছিল আর্থিক, কারিগরি ও প্রাতিষ্ঠানিক জটিলতা।
তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি মসজিদেই একটি একই প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে, ব্যবস্থাটি স্থাপনের পর এর রক্ষাণাবেক্ষণের দায়িত্ব কে নেবে? ইমাম নাকি খাদেম? তারা উভয়েই মন্ত্রণালয়ের অধীনে কর্মরত হলেও তাদের দায়িত্ব সম্পূর্ণ ভিন্ন। স্পষ্ট দায়িত্ব বণ্টন না থাকার কারণে অনেক সময় প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে ব্যবস্থাগুলো অকার্যকর হয়ে পড়েছিল।
এই সমস্যা দূর করতে জাকা ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে। জুমার খুতবায় পানি সংরক্ষণের বার্তা অন্তর্ভুক্ত করার পাশাপাশি প্রচারকদের জন্য সচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-তাওয়ালবে জানান, আমাদের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রমের আওতায় এ পর্যন্ত ১২০০ জন মুয়াজ্জিন, ৭৫০ জন নারী প্রচারক, ১১০ জন ইমাম এবং ২৮ জন টেকনিশিয়ানকে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়েছে। ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে মন্ত্রণালয় ৫০টিরও বেশি মসজিদে বৃষ্টি পানি সংগ্রহের প্রকল্প বাস্তবায়ন করেছে। পাশাপাশি ৩৫টিরও বেশি মসজিদে ইতিমধ্যেই অজুর পানি সেচ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সফলভাবে পুনর্নবীকরণ করে ব্যবহার করা হচ্ছে।
দেশটির সাবেক সেচমন্ত্রী মুতাসিম সাইদান জর্ডানের এই অগ্রগতির প্রশংসা করে বলেন, পানির পুনঃব্যবহারের ক্ষেত্রে জর্ডান বিশ্বব্যাপী নেতৃত্বের কাতারে রয়েছে। তার দেওয়া তথ্য অনুযায়ী, জর্ডানে বার্ষিক প্রায় ১৫ কোটি ঘনমিটার বর্জ্য পানি সম্পূর্ণরূপে পুনর্নবীকরণ করে ব্যবহার করা হয়, যার প্রায় ৯০ শতাংশই সেচ কাজে নিয়োজিত থাকে। তবে অজুর পানির সামগ্রিক সম্ভাবনা নিয়ে তিনি কিছুটা সংশয় প্রকাশ করে বলেন, এই খাত থেকে যে পরিমাণ পানি পাওয়া যায়, তা আমরা যতটা বিশাল ভাবি বাস্তবে ততটা নাও হতে পারে।
একইভাবে সচেতনতা বৃদ্ধির প্রচেষ্টারও কিছুটা সীমাবদ্ধতা রয়েছে বলে মনে করেন আমানের বিভিন্ন মসজিদে নামাজ আদায় করতে যাওয়া সাধারণ মুসল্লি আব্দুল্লাহ খালেদ। ইমামদের মুখে পানির তীব্র সংকট এবং অপচয় রোধের কথা বারবার শুনলেও তিনি বাস্তব চিত্র নিয়ে কিছুটা নিরাশ। খালেদ বলেন, একজন ব্যক্তি হয়তো জুমার দিনে পানি সাশ্রয় নিয়ে দেওয়া একটি চমৎকার খুতবা মনোযোগ দিয়ে শুনবেন, কিন্তু বাড়ি ফিরেই হয়তো দেখা যাবে নিজের অজান্তে বাড়ির পানির ট্যাংক উপচে পানি পড়ে নষ্ট হচ্ছে কিংবা কল খোলা রেখে কাজ করা হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
