সবচেয়ে ব্যয়বহুল ডিভোর্সের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব?

অনলাইন ডেস্ক

তথ্যপ্রযুক্তি বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সেমিকন্ডাক্টর জায়ান্ট এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং সম্প্রতি বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকেই তার স্ত্রী লোরি হুয়াংয়ের সম্ভাব্য বিলিয়ন ডলারের ডিভোর্স নিয়ে বিভিন্ন মহলে জোর গুঞ্জন ও জল্পনা-কল্পনা শুরু হয়েছে। তারা ১৯৮৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ক্যালিফোর্নিয়ার প্রচলিত যৌথ সম্পত্তির আইন অনুযায়ী, যদি তাদের বৈবাহিক সম্পর্ক শেষ পর্যন্ত বিচ্ছেদে গড়ায়, তবে লোরি হুয়াং এনভিডিয়া সিইওর আনুমানিক ১৫৫.২ বিলিয়ন ডলারের অর্ধেকেরও বেশি বা প্রায় ৭৫ থেকে ৭৭.৫ বিলিয়ন ডলার দাবি করার অধিকারী হতে পারেন। তবে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো পৃথকীকরণ বা বিচ্ছেদের ঘোষণা দেওয়া হয়নি এবং লোরি হুয়াংও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

লোরি হুয়াং (পূর্বনাম মিলস) তার স্বামী বিশ্বমঞ্চে অন্যতম বিখ্যাত ও প্রভাবশালী নির্বাহী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও বরাবরই নিজেকে প্রচারের আড়ালে রেখেছেন। ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে প্রকৌশলবিদ্যার শিক্ষার্থী থাকাকালে তাদের প্রথম পরিচয় ঘটে; তখন জেনসেনের বয়স ছিল ১৭ এবং লোরির ১৯ বছর। তারা ১৯৮৫ সালে বিয়ে করেন, যা এনভিডিয়া প্রতিষ্ঠার ঠিক আট বছর আগের ঘটনা। জেনসেন হুয়াং বিভিন্ন সময়ে উল্লেখ করেছেন, তিনি বিয়ের সময় লোরিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ৩০ বছর বয়সের মধ্যেই তিনি নিজের একটি কোম্পানি পরিচালনা করবেন এবং ৩০তম জন্মদিনে এনভিডিয়া সহ-প্রতিষ্ঠা করার মাধ্যমে তিনি সেই প্রতিশ্রুতি রক্ষা করেন। এনভিডিয়া গঠনের সিদ্ধান্তের পেছনে লোরির প্রত্যক্ষ হাত ছিল। প্রতিষ্ঠানটির ইতিহাস থেকে জানা যায়, লোরি চাননি যে জেনসেন এলএসআই লজিকের চাকরি ছাড়ুক, যতক্ষণ না তার সহ-প্রতিষ্ঠাতা ক্রিস মালাচোভস্কিও সান মাইক্রোসিস্টেমসের চাকরি ছাড়ছেন। জেনসেন হুয়াং বহুবার স্বীকার করেছেন যে শুরু থেকেই লোরি এনভিডিয়ার সাথে গভীরভাবে যুক্ত ছিলেন। এমনকি লোরি এবং তাদের কন্যাই জেনসেনের পোশাকের শৈলী ও তার বিশ্বপরিচিত সিগনেচার চামড়ার জ্যাকেট নির্বাচনের নেপথ্যে কাজ করেছেন।

এই দম্পতির আর্থিক জীবনও একইভাবে গভীরভাবে সুসংবদ্ধ। তারা একসঙ্গে ‘জেন-হসুন অ্যান্ড লোরি হুয়াং ফাউন্ডেশন’ পরিচালনা করেন এবং এনভিডিয়ার ২০২৬ সালের প্রক্সি স্টেটমেন্ট অনুসারে, লোরি হুয়াং এমন কিছু পারিবারিক ট্রাস্টের সহ-ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন যা ৫২৮ মিলিয়নেরও বেশি এনভিডিয়া শেয়ার ধারণ করে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, জেনসেন হুয়াং তার সহকর্মীদের কাছে স্বীকার করেছেন যে তার স্ত্রী নথিপত্রে স্বাক্ষর করা থেকে শুরু করে পারিবারিক অর্থায়ন সামলানো পর্যন্ত গৃহস্থালির প্রায় সমস্ত প্রশাসনিক কাজ দেখাশোনা করেন। রসিকতা করে তিনি এও বলেছিলেন যে, নিজের বাড়ির ঠিকানা তার মনে থাকে না এবং তিনি কখনো নিজে কোনো বিল পরিশোধ করেননি। এই ধরনের ব্যবস্থাপনা ইঙ্গিত দেয় যে তাদের অধিকাংশ সম্পদই যৌথভাবে ধারণ করা হয়েছে। তাদের দুই সন্তান, ম্যাডিসন এবং স্পেন্সর, উভয়ই এনভিডিয়াতে কর্মরত রয়েছেন।

এই পরিস্থিতির পেছনের ঘটনাবলী পর্যবেক্ষণ করলে দেখা যায়, গত ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের উদ্দেশ্যে পাঠানো একটি স্মারকপত্রে জেনসেন হুয়াং তার পরকীয়ার কথা প্রকাশ করেন। তিনি তার স্ত্রী, পরিবার এবং কর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন এবং জানান যে তিনি কোম্পানির নেতৃত্বে বহাল থাকতে চান। এর আগে অক্টোবর মাসের শেষের দিকে দ্য নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা সন্দেহ করেছিলেন যে ডাটা-সেন্টার কোম্পানি মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াং (যিনি হুয়াং লে নামেও পরিচিত) চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন। তার সাথে জেনসেন হুয়াংয়ের কোনো আত্মীয়তার সম্পর্ক নেই। মেগাস্পিড প্রায় ২ বিলিয়ন ডলারের এনভিডিয়া পণ্য কিনেছিল এবং মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ ছিল যে কোম্পানিটি চীনকে তাদের ওপর আরোপিত চিপ নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করছিল। পরকীয়ার প্রকাশ এই আন্তর্জাতিক পটভূমির সাথেই যুক্ত হয়ে পড়ে।

ঘটনাটি ঘটার পর থেকে দ্রুত বিভিন্ন পদক্ষেপ ও প্রতিক্রিয়া দেখা গেছে। অক্টোবরের শেষের দিকে ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনসেন হুয়াং দাবি করেছিলেন যে অ্যালিস হুয়াংয়ের সাথে তার মিথস্ক্রিয়া সম্পূর্ণ ব্যবসায়িক ও রুটিনবিষয়ক ছিল। কিন্তু ৮ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বাইরের আইনজীবীদের সাথে সমন্বয় করে একটি স্বাধীন তদন্তের ঘোষণা দেয়। পরিচালনা পর্ষদ জানায় যে জাতীয় নিরাপত্তা বা প্রতিষ্ঠানের গোপনীয়তা লঙ্ঘিত হওয়ার মতো কোনো প্রমাণ তারা পায়নি এবং সিইওর ওপর তাদের আস্থা বহাল রয়েছে। এর পরদিনই, অর্থাৎ ৯ নভেম্বর স্যান হোসের ফেডারেল আদালতে একটি শেয়ারহোল্ডার ক্লাস-অ্যাকশন মামলা দায়ের করা হয়, যেখানে অভিযোগ করা হয় যে এনভিডিয়া ও জেনসেন হুয়াং এই অনৈতিক সম্পর্ক এবং তার সাথে জড়িত ঝুঁকিগুলো প্রকাশ করতে ব্যর্থ হয়েছেন। এছাড়া আগামী ১৮ নভেম্বর মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা জেনসেন হুয়াং-কে কংগ্রেসে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও বেইজিং এসব গোয়েন্দাগিরির অভিযোগ অস্বীকার করেছে এবং জেনসেন হুয়াংয়ের স্মারকপত্রে অন্য পক্ষের নাম প্রকাশ করা হয়নি বা কোনো ফৌজদারি অভিযোগ আনা হয়নি।

এই বিতর্কের কারণে পুঁজিবাজারে তাৎক্ষণিক নেতিবাচক প্রভাব পড়ে। ৯ নভেম্বর এনভিডিয়ার শেয়ারের দাম ৪.৩ শতাংশ পড়ে যায়, যা কোম্পানির বাজারমূল্য থেকে প্রায় ২০০ বিলিয়ন ডলার মুছে দেয়। ফোর্বসের মতে, সেদিনের লেনদেন শেষে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত নেট ওয়ার্থ কমে দাঁড়ায় ১৫৫.২ বিলিয়ন ডলারে, যা তাকে বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে সাময়িকভাবে ছিটকে দেয়। এর মাত্র কয়েক দিন আগে, ৫ নভেম্বর বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ব্যয় সংক্রান্ত উদ্বেগের কারণে এনভিডিয়ার শেয়ার ৯ শতাংশের বেশি পেড়ে গিয়ে তার সম্পদ ১৫.১ বিলিয়ন ডলার কমে গিয়েছিল। বর্তমানে এনভিডিয়াতে জেনসেন হুয়াংয়ের ৩.৫ শতাংশেরও বেশি ব্যক্তিগত শেয়ার রয়েছে, যা তাকে কোম্পানির একক বৃহত্তম শেয়ারহোল্ডারে পরিণত করেছে এবং সম্ভাব্য যেকোনো বিচ্ছেদে এই শেয়ারগুলো বিভাজনের মুখোমুখি হতে পারে।

ক্যালিফোর্নিয়ার সম্পত্তি আইন কীভাবে এ ক্ষেত্রে প্রয়োগ হবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যালিফোর্নিয়া একটি ‘কমিউনিটি প্রপার্টি’ রাজ্য, যার অর্থ বিয়ের পর অর্জিত সমস্ত আয়, কেনা সম্পত্তি, শেয়ার, রিয়েল এস্টেট, ব্যবসায়িক অংশীদারিত্ব এবং অবসরের তহবিল দম্পতির যৌথ মালিকানা হিসেবে বিবেচিত হয়। সমপরিমাণে বিয়ের সময় নেওয়া ঋণও উভয়কে ভাগ করে নিতে হয়। বিপরীতে, বিয়ের আগের সম্পদ, বিচ্ছেদের পর অর্জিত সম্পদ এবং উত্তরাধিকার বা উপহার হিসেবে পাওয়া সম্পদ ব্যক্তিগত সম্পত্তি হিসেবে গণ্য হয়। যেহেতু হুয়াং দম্পতি ১৯৮৫ সালে বিয়ে করেন এবং এনভিডিয়া ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়, তাই জেনসেনের সম্পদে এনভিডিয়ার সমস্ত অংশই তাদের বিয়ের সময় অর্জিত হয়েছে। এই আইনগত ভিত্তির কারণেই লোরি হুয়াং ৭৫ থেকে ৭৭.৫ বিলিয়ন ডলার পেতে পারেন বলে অনুমান করা হচ্ছে। তবে চূড়ান্ত ফলাফলে কিছু বিষয় পরিবর্তন আনতে পারে; যেমন তাদের মধ্যে কোনো প্রাক-বৈবাহিক (প্রিনাপশিয়াল) চুক্তি রয়েছে কি না, পারিবারিক ট্রাস্টে থাকা শেয়ারগুলোর আইনি জটিলতা কেমন, ক্যালিফোর্নিয়া আইনের অবিশ্বস্ততার জন্য সম্পত্তি বিভাজনে ছাড় না দেওয়ার নিয়ম এবং বিচ্ছেদের চূড়ান্ত সময়ে এনভিডিয়ার শেয়ার দর কত থাকবে।

যদি লোরি হুয়াং শেষ পর্যন্ত এই অর্ধেকাংশ পান, তবে তা হবে ইতিহাসের সবচেয়ে বড় ডিভোর্স সেটলমেন্ট, যা পূর্বের সমস্ত রেকর্ডকে ছাড়িয়ে যাবে। এর আগে অ্যামাজনের প্রতিষ্ঠাতার বিচ্ছেদে ম্যাকেঞ্জি স্কট পেয়েছিলেন প্রায় ৩৬ বিলিয়ন ডলার, যা এযাবৎকালের সর্ববৃহৎ রেকর্ড। অন্যদিল বিল গেটস এবং মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের ২০২১ সালের বিচ্ছেদের শর্তাবলী সম্পূর্ণ প্রকাশ না করা হলেও মেলিন্ডা তার দাতব্য কাজের জন্য অন্তত ১২.৫ বিলিয়ন ডলার এবং বিলিয়ন ডলারের স্টক লাভ করেছিলেন।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights