সুপারমার্কেটের ফ্রিজে সাইবার হামলা, ইরানি রাষ্ট্রদূতকে তলব ফ্রান্সের

অনলাইন ডেস্ক

ফ্রান্সের বিভিন্ন সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে সাইবার হামলার ঘটনায় ইরানকে দায়ী করে দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে প্যারিস।

গত অক্টোবরের ওই হামলায় কয়েক শ’ সুপারমার্কেটের শীতলীকরণ ব্যবস্থা অচল হয়ে পড়ে।

ফরাসি কর্তৃপক্ষের অভিযোগ, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিট এ হামলা চালিয়েছে।

ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর মঙ্গলবার সকালে ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়। তাকে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিবের সঙ্গে বৈঠকে বসতে হয়।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো সোমবার অভিযোগ করেন, গত ১১ ও ১২ অক্টোবর দেশটির সুপারমার্কেটগুলোতে নজিরবিহীন মাত্রার সাইবার হামলা চালানো হয়। এতে প্রায় ১০ হাজার সুপারমার্কেটের মধ্যে ৭০০টির শীতলীকরণ ব্যবস্থা আক্রান্ত হয়। হ্যাকাররা দূর থেকে ফ্রিজের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। কোনও কোনও ক্ষেত্রে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। ফলে বিপুল পরিমাণ মাছ, মাংস, দুগ্ধজাত পণ্য ও হিমায়িত খাবার নষ্ট হয়ে যায়। কয়েকটি ফ্রিজে আগুন লাগার ঘটনাও ঘটে।

ক্ষতিগ্রস্ত একটি সুপারমার্কেট কর্তৃপক্ষের হিসাবে, এক দিনেই তাদের লোকসান হয়েছে কয়েক কোটি ইউরো।

প্যারিসের সরকারি কৌঁসুলি লর বেকোর বরাত দিয়ে জানানো হয়েছে, শাহিদ কাভে নামের আইআরজিসি-সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিটের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইউনিটটির প্রধান ও তার দুই উপপ্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

তদন্তকারীদের দাবি, হামলায় ফারসি ভাষা এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট ইন্টারনেট ঠিকানা ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

বারো জানিয়েছেন, এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর পর্যায়ে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেবে ফ্রান্স। ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় অন্যান্য ব্যবস্থাও নেওয়া হতে পারে।

এদিকে ফ্রান্স ছাড়াও ইউরোপের কয়েকটি দেশে সুপারমার্কেটের ফ্রিজ ও ফ্রিজারে একই ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। তবে এসব ঘটনার সঙ্গে একই গোষ্ঠীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। ফ্রান্সের অভিযোগের বিষয়ে রিপোর্ট লেখা পর্যন্ত ইরানের পক্ষ থেকে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights