ইউক্রেনের একাধিক জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা

অনলাইন ডেস্ক
ইউক্রেনের আটটি অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে গত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হামলা চালিয়েছে রাশিয়া। দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ সঞ্চালন সংস্থা উক্রেনেরগো এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু ছিল কিয়েভ, খারকিভ, সুমি, পোলতাভা, দিনিপ্রোপেত্রোভস্ক, ভিনিতসিয়া, চেরকাসি ও কিরোভোহরাদ অঞ্চল। এই হামলার কারণে দনিপ্রোপেত্রোভস্ক, দোনেৎস্ক, কিয়েভ, সুমি, খারকিভ এবং চেরনিহিভ অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে।

এদিকে, তেল শোধনাগারে ইউক্রেনের টানা হামলার পর রাশিয়ার একাধিক অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফলে কাঙিক্ষত জ্বালানি না পেয়ে ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা ধরে গাড়ি চালকদের দাঁড়িয়ে থাকতে হয়েছে। রুশ কর্মকর্তা ও দেশটির গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গেল দুই সপ্তাহে কিয়েভ রাশিয়ার অন্তত আটটি বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে।

গত ৩০ অক্টোবরের পর থেকে ইউক্রেন রুশ তেল শোধনাগারগুলোর ওপর হামলার মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভ ও মস্কোর মধ্যে জ্বালানি সংক্রান্ত যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন, যদিও তা কার্যকর হতে ব্যর্থ হয়।

সোমবার (৯ নভেম্বর) গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানিয়েছেন, ইউক্রেন তাদের সর্বশেষ হামলায় রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কিরিশি শহরে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে আঘাত হেনেছে। এ ধরনের হামলায় তাদের পেট্রোল ও ডিজেল উৎপাদনের সক্ষমতাকে কমিয়ে দিচ্ছে। ফলে অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এছাড়া বিশ্ববাজার ও যুক্তরাষ্ট্রে রুশ ডিজেল রপ্তানি নিয়ে ভ্লাদিমির পুতিন এবং ট্রাম্পের মধ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা থাকলে, এই হামলা সেই প্রক্রিয়াকেও জটিল করে তুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights