ঢাবিতে প্রাইভেটকারে কককেট বিস্ফোরণ
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস ফ্যাকাল্টির সামনে একটি প্রাইভেটকার লক্ষ্য করে কককেট নিক্ষেপ করা হয়েছে। এতে গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় গাড়ির চালক সোহেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসে গাড়িটির ওপর ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিস্ফোরণের তীব্রতায় সিলভার রঙের ওই প্রাইভেটকারটির সামনের উইন্ডশিল্ড সম্পূর্ণ ফেটে গিয়ে মাঝখানে বড় একটি গর্তের সৃষ্টি হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারটির মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস (আইবি) বিভাগের সঙ্গে যুক্ত।
ককটেল বিস্ফোরণের পরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী ও পথচারীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে বিজনেস ফ্যাকাল্টি ও এর আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
