১৮ ফেব্রুয়ারি ‘জাতীয় শিক্ষক দিবস’ ঘোষণা না হওয়া কষ্টের: ডেপুটি স্পিকার

রাবি প্রতিনিধি

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা না হওয়া খুবই কষ্টের। অথচ ড. জোহা ছিলেন প্রথম শহীদ বাঙালি বুদ্ধিজীবী। তার এই আত্মাহুতি সেদিন বাঙালি স্বাধিকার আন্দোলনকে তরান্বিত করেছিল।

শনিবার সকাল ১০টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ জোহার সমাধিতে পুস্পস্তবক অর্পণ শেষে এসব কথা বলেন তিনি।

ক্ষোভ প্রকাশ করে টেপুটি স্পিকার বলেন, আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র ও ছাত্রনেতা হিসেবে ক্ষুব্ধ। কেননা ড. জোহা স্যারের মৃত্যুর এতো বছর হয়ে গেলেও দিনটি কেবল এই ক্যাম্পাসেই পালিত হয়! জাতীয়ভাবে দিনটি এখনও স্বীকৃতি পায়নি। অথচ তার এই আত্মাহুতি বাঙালির জাতীয় সংগ্রামে অবিস্মরণীয় অবদান রেখেছিল। এই ঘটনার পর গণঅভ্যুত্থান দুর্বার রূপ ধারণ করেছিল। ফলে বাধ্য হয়ে পাকিস্তান শাসকগোষ্ঠী বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে। বাঙালি স্বাধীনতার আন্দোলনে উজ্জীবিত হয়। অথচ এই জোহা দিবস এখনও জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করা হয়নি। এটা খুবই দুঃখজনক।
পুষ্পস্তবক অর্পণকালে সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, প্রক্টর অধ্যাপক আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক এম তারেক নুর প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণ শেষে ১৮ ফেব্রুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি জানান উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। একই দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, রসায়ন বিভাগ, রাবি কেন্দ্রীয় সংস্কৃতি জোট, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনগুলোসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার ক্ষমতায় থাকার পরও দিবসটি জাতীয়ভাবে স্বীকৃতি না পাওয়া হতাশাজনক। তাই জাতীয় স্বার্থে এবং মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের নিকট তুলে ধরতে দিবসটিকে অবিলম্বে জাতীয় শিক্ষক দিবস ঘোষণা করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights