ভারত-বাংলাদেশ সিরিজ: কি বলছেন জাকের?

অনলাইন ডেস্ক

টি টি-টোয়েন্টির পর জাকের আলীর এবার সুযোগ পেয়েছেন টেস্ট দলে। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে মিডল অর্ডার ব্যাটার হিসেবে খেলার সম্ভাবনা আছে জাকেরের। প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেছেন এই ইউকেট কিপার ব্যাটার।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেছেন জাকের। তিনি বলেছেন, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওই রকম প্রক্রিয়ায়ই আগাই।’

টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ সামলে পারফর্ম করতেও আত্মবিশ্বাসী জাকের, ‘স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি, উনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স।’ ভারতের বোলিং আক্রমণ নিয়ে তার কথা, ‘তাদেরকে (ভারতীয় বোলার) নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে, যারা যারা খেলবে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। তবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে।’
পাকিস্তানকে তাদের ঘরের মাটিতেই ধবলধোলাই করেছে টাইগাররা। ভারতেও তাই বাংলাদেশ ভালো করবে বলে প্রত্যাশা অনেকের। সম্ভাবনা দেখছেন জাকের, ‘যেহেতু সবশেষ সিরিজটা খুব ভালো গেছে, সেই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে। আমার মনে হয়, এই বছর আমাদের চেষ্টা থাকবে, যেটা আমরা দল হিসেবে আগে কখনো করতে পারিনি, সেটা করার চেষ্টা থাকবে।’

পাকিস্তানে সিরিজ জয় বাংলাদেশে লাল বলের সংস্কৃতিতেও বদল আনবে বলে বিশ্বাস জাকেরের, ‘আমি কিছু দিন আগেও বললাম, আমরা যে দুইটা ম্যাচ জিতলাম, আধিপত্য দেখিয়ে জিতে আসা, এটা তো অবশ্যই কালচার বদলানোর একটা আভাস।’

জাকের বলেছেন, ‘চ্যালেঞ্জ তো সব দিক দিয়ে থাকবে। তাদের ব্যাটিং লাইনআপও তো অনেক ভালো। আমরা যদি ব্যাটিং বিভাগ হিসেবে ভালো করতে পারি। সর্বশেষ দুইটা টেস্ট যদি দেখেন, আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিং নিয়েই। ব্যাটিং যখন খারাপ হয়, আমরা হেরে যাই। বোলাররা বেশিরভাগ সময় সাপোর্ট করে। আমরা ব্যাটিংটা যদি ভালো করতে পারি, আমাদের জন্য খুবই ভালো হবে।’

আগামী রবিবার ভারত সফরে যাবে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights