ভারত সিরিজ নিয়ে যা বললেন শান্ত

অনলাইন ডেস্ক
পাকিস্তানের মাটিতে দুই টেস্টে জয়। প্রতিপক্ষকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করা। দারুণ সাফল্য টাইগারদের। এ নিয়েই ভারতে কথা বললেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেছেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। যেটা বললেন, এটা আমাদের অনেক আত্মবিশ্বাস এনে দিয়েছে। এটা নতুন সিরিজ। ড্রেসিংরুমের বিশ্বাস, আমরা এখানেও খুব ভালো ক্রিকেট খেলতে পারব। আমরা ফল নিয়ে ভাবছি না। প্রক্রিয়াটা অনুসরণ করতে চাই।’

ভারত নিয়ে সামনে কঠিন চ্যালেঞ্জ। শান্ত বললেন ‘সবচেয়ে কঠিন একটি প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষকে নিয়ে খুব বেশি চিন্তা না করে নিজেদের নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের দলটার সেই সামর্থ্য আছে যে এখানে ভালো ক্রিকেট খেলা। পাঁচ দিনের একটা ম্যাচ, এই পাঁচটা দিন আমরা কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি। লক্ষ্য তো একটাই থাকে আমরা প্রতিটি ম্যাচটা জিতব, সব আন্তর্জাতিক দলেরই এই লক্ষ্য থাকে। আমাদেরই একই লক্ষ্য। জেতার জন্য যে জিনিসগুলো করা প্রয়োজন, আমরা ওগুলোই করব। ফল নিয়ে যদি বলেন, পঞ্চম দিনে শেষ সেশনে গিয়ে আমাদের রেজাল্ট নিয়ে চিন্তা। তার আগ পর্যন্ত আমরা নিজেদের শক্তিমত্তা অনুযায়ী খেলার চেষ্টা করব।’

শান্ত আরও বলেছেন, ‘প্রতিটি দলই হয়তো আমাদের সঙ্গে আরও বেশি বেশি ম্যাচ খেলতে চাইবে। এটা একটা অনেক বড় সুযোগ যে এখানে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আশা করি, বাংলাদেশ দল এখন যেভাবে টেস্ট ক্রিকেট খেলছে, আমার মনে হয় সব দল আমাদের সঙ্গে খেলার ব্যাপারে আগ্রহী হবে।’
কন্ডিশন নিয়ে শান্ত বলেছেন, ‘আমরা কন্ডিশন এবং প্রতিপক্ষ নিয়ে ভাবছি না। আমরা শুধু নিজেদের নিয়েই ভাবছি। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে পারলে ম্যাচটা ভালো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights