সৎ মা’কে ধর্ষণচেষ্টা, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে সৎ মাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার একটি বাড়ি থেকে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-ডবলমুরিং থানার মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার মৃত আমিন উল্লাহর ছেলে আবছার উল্লাহ ফারুক (৩২), তার স্ত্রী হাসিনা আক্তার (২৮) ও একই এলাকার মৃত আবুল হাসেমের ছেলে মো. মুছা প্রকাশ বালু (৩২)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শরীফ-উল-আলম জানান, সৎ মাকে শ্লীলতাহানি করে ধর্ষণের চেষ্টা ও পর্নোগ্রাফি মামলার আসামি নগরের মতিয়ারপুল কাটা বটগাছ এলাকার একটি বাড়িতে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সৎ ছেলে আবছার উল্লাহ ফারুক, হাসিনা আক্তার ও মো. মুছা প্রকাশ বালুকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ভিকটিম (৩৭) একজন গৃহিণী এবং স্বামীর মৃত্যুর পর তার সন্তানাদি নিয়ে নিজ বাড়ি পতেঙ্গায় বসবাস করেন। ভিকটিমের স্বামীর মৃত্যুর পর সৎ ছেলে আবছার উল্লাহ ফারুকের সঙ্গে জমি নিয়ে বিরোধ শুরু হয়। গত ৬ সেপ্টেম্বর তার সৎ ছেলে আবছার উল্লাহ ফারুক ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে এবং ফারুকের স্ত্রী ঘরের দরজা বন্ধ করে দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেন।
