টাইগারদের গুঁড়িয়ে যা বললেন রোহিত

অনলাইন ডেস্ক
চেন্নাইয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। পরে বাংলাদেশ করতে পারে কেবল ১৪৯ রান। ফলো অন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২৩৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

প্রায় ছয়মাস পর টেস্ট ফর‌ম্যাটে খেলতে নেমেছিল ভারত। যদিও তারা খেলার বাইরে ছিল না, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বেশ গুরুত্বসহকারে বেশিরভাগ ক্রিকেটারদের খেলানো হয় দুলীপ ট্রফিতে। বাংলাদেশ সিরিজসহ টানা ১০টি টেস্ট খেলার মিশনে প্রথমটিতে আজ জয়ের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমাদের আসন্ন সূচির আগে বড় এই জয় দারুণ কিছু। দীর্ঘ সময় পর আমরা (টেস্ট) খেলতে নেমেছিলাম, তবে কখনোই ক্রিকেট থেকে দূরে ছিলাম না। এক সপ্তাহ আগে এখানে (চেন্নাই ক্যাম্প) এসেছি এবং এমন ফলই চেয়েছিলাম।’

ভারতের ম্যাচ জয়ের পথে বড় অবদান ছিল অভিজ্ঞ অলরাউন্ডার অশ্বিনের। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে তিনি শিকার করেন ৬ উইকেট। যার ফলে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছেন এই তারকা। স্বভাবতই তাই অশ্বিনের প্রশংসা করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত, ‘বল-ব্যাট হাতে সবসময়ই সে আমাদের জন্য অবদান রেখেছে। তাকে সবসময় এমন ফর্মে দেখা সত্যিই আনন্দের। কখনোই নিজের ছন্দের বাইরে ছিল না।’
সাধারণত চেন্নাইয়ের পিচ স্পিনবান্ধব হিসেবেই পরিচিত, যদিও ম্যাচের প্রথম দুই দিন পুরো দাপট ছিল পেসারদের। লাল মাটির এই পিচের চ্যালেঞ্জ নিয়ে রোহিত বলেন, ‘কন্ডিশন কেমন সেটা গুরুত্বপূর্ণ নয়, আমরা এরই মাঝে দলীয়ভাবে পারফর্ম করতে চেয়েছি। এজন্য কিছুটা ধৈর্য্যের প্রয়োজন ছিল। এমন পিচে আমাদের খেলোয়াড়রাও যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। ব্যাট-বল উভয় দিক থেকেই ধৈর্য্য ধরে চাপ প্রয়োগ করে গেছে প্রতিপক্ষের ওপর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights