তিস্তায় ভেসে এলো এসিডে মুখ ঝলসানো নারীর মরদেহ
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলার তিস্তা নদীতে ভেসে এলো হাত বাঁধা অজ্ঞাত এক নারীর মরদেহ। আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকার তিস্তা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে কৃষকরা কাজ করতে গিয়ে চোরাহা মাদ্রাসা এলাকায় তিস্তার নদীর চরে অজ্ঞাত ওই নারীর (৩০) মরদেহ দেখতে পান। পরে আদিতমারী থানায় খবর দিলে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওই নারীর হাত ছিল মেহেদী রাঙানো আর লেখা আই লাভ ইউ। দুই হাত পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা এবং কালো রংয়ের বোরকা পরিহিতা ওই নারীর মুখ এসিড দিয়ে ঝলসে দেয়া। ধারণা করা হচ্ছে ঘাতকরা তাকে মেরে হাত বেঁধে মুখ এসিডে ঝলসে দিয়েছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একই সাথে তার পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে।
