যান চলাচলের অপেক্ষায় কালুরঘাট সেতু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

কালুরঘাট সেতু মেরামতকালীন নদী পারাপারে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে ফেরি। কিন্তু জোয়ারের সময় ফেরি তীরের কাছে ভিড়তে না পারা, ফেরির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করা এবং ঝুঁকি নিয়ে নদী পারাপার করা- এসব ছিল ওপারের মানুষদের নিত্যসঙ্গী।

তবে এবার এ সমস্যা নিরসন হওয়ার পথে। প্রায় শতবর্ষী কালুরঘাট সেতুর প্রয়োজনীয় মেরামত কাজ শেষ। ঝরাঝীর্ণ সেতু মেরামতে পরামর্শ প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে যান চলাচল শুরু করা হবে। মেরামতকৃত সেতু পরিদর্শন করতে বুয়েটের বিশেষজ্ঞ টিম আজ মঙ্গলবার আসার কথা। বিশেষজ্ঞ টিমের সম্মতি পেলেই চলাচল করবে যানবাহন।

এর আগে গত ২০ সেপ্টেম্বর কালুরঘাট রেল সেতু পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী। এ সময় তিনিও ‘সংস্কার শেষ হলেই যান চলাচল স্বাভাবিক হওয়ার’ কথা ব্যক্ত করেন। তবে আনুষ্ঠানিকভাবে চালু না করলেও গত প্রায এক মাস ধরেই সেতু দিয়ে সিএনজি অটোরিকশা, টেম্পু, কার, মোটরসাইকেল সবই চলছে।
রেলওয়ে পূর্বাঞ্চলের সেতু প্রকৌশলী জিসান দত্ত বলেন, কালুরঘাট সেতুর প্রয়োজনীয় মেরামত শেষ। এখন সেতুটি যানবাহন চলাচলের জন্য প্রস্তুত। তবে গাড়ি চলাচল শুরু করার আগে বুয়েটের বিশেষজ্ঞ টিম সেতুটি সরেজিমন পরিদর্শন করবেন। তারা সবকিছু ঠিক আছে বললে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। বিষয়টা নির্ভর করছে বিশেষজ্ঞ টিমের মতামতের ওপর। দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে রেল সংযোগে ব্রিটিশ আমলে ১৯৩১ সালে প্রায় ৭০০ মিটার দৈর্ঘ্যের স্টিলের কাঠামোর এই সেতু নির্মাণ করা হয়।

জানা যায়, ঝরাঝীর্ণ কালুরঘাট সেতু মেরামতের জন্য গত বছরের ১ আগস্ট থেকে তিন মাসের জন্য সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করা হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে সেতুর সংস্কার কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ১৪ মাস পর সেতুর সংস্কার কাজ শেষ করা হয়। তবে এর আগে গত বছরের ১ ডিসেম্বর থেকে সেতু দিয়ে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচলের জন্য উপযোগী করা হয়। এরপর থেকে কালুরঘাট সেতু দিয়ে রেল চলাচল করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights