বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-সংক্রান্ত বিষয়াবলি নিয়ে আলোচনা

নয়াদিল্লি প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-সংক্রান্ত বিষয়াবলি নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২১ সেপ্টেম্বর ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে নিজের বাসভবনে নরেন্দ্র মোদিকে স্বাগত জানান জো বাইডেন। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নরেন্দ্র মোদি ও বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ-সংক্রান্ত বিষয়াবলি নিয়ে আলোচনা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।’ পররাষ্ট্র সচিব আলোচনার বিস্তৃত বিষয় জানাননি। তবে বলেছেন, ‘বৈঠকে কে কী বলেছেন সেটা বলা যাবে না। আঞ্চলিক বিষয়ে আলোচনার সময় সব বিষয় এসেছে। এক পক্ষ বা অন্যরা বাংলাদেশ বিষয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছেন।’ এর আগে এদিন উইলমিংটনে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত- এই চার দেশের জোট কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে জো বাইডেন ও নরেন্দ্র মোদি ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা অংশ নেন। কোয়াড নেতারা একটি অবাধ, উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান। এই সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন। নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছিলেন, কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কিনা। জবাবে তিনি বলেন, ‘আলোচনায় এই অঞ্চলের নানা বিষয় এসেছে। এসব বিষয় কোনো একটি পক্ষ বা অন্যান্য পক্ষের স্বার্থসংশ্লিষ্ট হতে পারে, কিন্তু এই অঞ্চলের বাইরেও এগুলোর গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনা এসেছে। বাংলাদেশ প্রসঙ্গও আলোচনা উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights