ইলিশ আসছে কম

চাঁদপুর প্রতিনিধি
ইলিশের ভরা মৌসুমেও দেশের নদীগুলোতে আশানুরূপ মাছ না পাওয়ায় দেশের অন্যতম মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে আমদানি বাড়েনি। ফলে আড়তে ও স্থানীয় বাজারে ইলিশের দাম এখনো চড়া। এবারে ভরা মৌসুমে গত বছরের তুলনায় ইলিশ সরবরাহ অর্ধেকের চেয়েও কম। এ ছাড়া দেড় শতাধিক ছোট-বড় বোটে আড়তে গড়ে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ মণ ইলিশ আমদানি হচ্ছে। ব্যবসায়ী শবে বরাত ও দেলোয়ার হোসেন বলেন, বাজারের অবস্থা দেখে মনে হয় ইলিশের চেয়ে মানুষই বেশি। সুস্বাদু রুপালি ইলিশ কিনতে এসে অনেক ক্রেতাই হয়ে যাচ্ছেন পর্যটক। চাঁদপুরে বর্তমানে ১ কেজি ২০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশের কেজি ২ হাজার টাকা, আর ১ কেজি ওজনের গুলো বিক্রি হচ্ছে ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়। ক্রেতাদের অভিযোগ বছরের এই সময় ইলিশ কিনতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই ভিড় জমান চাঁদপুরে। তারা বলেন, ‘ইলিশের দাম বাড়েনি, গ্রাহক বেড়েছে, আমদানি কম, তাই মনে হয় ইলিশের দাম বেশি।’

ক্রেতা মোতাহের হোসেন ও সফিউল্যাহ হায়দার বলেন, এখানে মাছের দাম অনেক বেশি। ১ হাজার ২০০ গ্রামের ইলিশ প্রতি কেজির দাম ২ হাজার টাকা। দাম আরও কম হওয়ার কথা। দেখছি কম দামে ইলিশ পাওয়া যায় কি না। এখানে ঢাকা থেকে প্রতি কেজিতে দাম ২০০-৩০০ টাকা বেশি।

চাঁদপুর মৎস্য ও বণিক সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, দেশের নদ-নদীগুলোতে নেই কাঙ্ক্ষিত মাছ। ভোলা, বরিশাল, হাতিয়া, সন্দ্বীপসহ দেশের নিম্নাঞ্চল থেকে আশানুরূপ ইলিশ আসছে না। তবে দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি এবং সরবরাহ আরও কমে গেলে ইলিশের দাম বেড়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights