সিজেকেএস’র ব্যাডমিন্টন লিগ শুরু বুধবার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) আয়োজনে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টন লিগ। তৃণমূল পর্যায়ে প্রতিভাবান ও মানসম্পন্ন ব্যাডমিন্টন খেলোয়াড় সৃষ্টির উদ্দেশ্যকে সামনে রেখে সিজেকেএস প্রথম ও দ্বিতীয় বিভাগ ব্যাডমিন্টন লিগ আয়োজন করছে। সোমবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাডমিন্টন কমিটির সম্পাদক মো. দিদারুল আলম।

নগরীর এম এ আজিজ স্টেডিয়ামস্থ জিমন্যাশিয়াম হলে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি প্রথম বিভাগ এবং ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় বিভাগ ব্যাডমিন্টন লিগ চলবে। এবার প্রথম বিভাগে ১০টি দল ও দ্বিতীয় বিভাগে ১৬টি দল অংশগ্রহণ করবে।

প্রথম বিভাগের ইভেন্টে রয়েছে পুরুষ-একক, পুরুষ-দ্বৈত, পুরুষ একক। দ্বিতীয় বিভাগের ইভেন্টে পুরুষ-একক, পুরুষ-দ্বৈত, পুরুষ একক। প্রথম বিভাগের উদ্বোধন করবেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি থাকবেন সেতারা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লায়ন হাজী আবদুল মান্নান।
সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মো. হাফিজুর রহমান, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য আবুল হাসেম, মোহাম্মদ শাহজাহান, নাসির মিঞা, সাবেক নির্বাহী সদস্য আছলাম মোর্শেদ, সিজেকেএস কাউন্সিলর আকতারুজ্জামান, সাইফুল্লাহ চৌধুরী ও মো. এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights