নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ দুই সহোদরের লাশ মিলল ধানখেতে

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে পাহাড়ি ঢলে সৃষ্ট বানের পানির স্রোতের তোড়ে নিখোঁজ দুই সহোদর ভাইয়ের লাশ পাওয়া গেছে ধানক্ষেতে। শনিবার বিকালে উপজেলার নন্নী ইউনিয়নের নিশ্চিন্তপুর কুতুবাকুড়া গ্রামের ফসলের মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

তারা হলেন— হাতেম আলী (৩০) ও আলমগীর হোসেন (১৮)। তারা একই এলাকার অভয়পুর গ্রামের মৃত বাছির উদ্দিনের পুত্র।

স্থানীয়রা জানান, শুক্রবার নিজ বাড়ি থেকে চেল্লাখালী নদীর পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে নিখোঁজ হন দুই সহোদর ভাই। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না।
কুতুবাকুড়া গ্রামের কৃষক হারুন ও সিরাজুল ইসলাম শনিবার বিকালে তাদের ধানক্ষেত দেখতে গেলে একসাথে দুইজনের লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখেন। এই খবরটি দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে প্রতিবেশী ও তাদের স্বজনরা ছুটে এসে লাশ শনাক্ত করেন। পরে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে। এ নিয়ে বন্যায় চারজনের মৃত্যু হলো। আরও একজনের লাশ নিখোঁজ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, পাহাড়ি ঢলের স্রোতের তোড়ে নিখোঁজ হওয়া সহোদর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে আপত্তি না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights