চাঁদপুরে মা ইলিশ রক্ষা সচেতনতামূলক সভা
চাঁদপুর প্রতিনিধি
ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর রাজরাজেশ্বর এলাকায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত। বুধবার (০৯ অক্টোবর) সদর উপজেলাধীন রাজরাজেশ্বর এলাকায় নৌ-পুলিশের উদ্যোগে জেলে সম্প্রদায়, ক্রেতা-বিক্রেতাদের সচেতন করার লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভার মূল লক্ষ্য ছিল মা ইলিশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও আইন বাস্তবায়নের পদক্ষেপ সম্পর্কে অবহিত করা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর নৌ-পুলিশের এসপি সৈয়দ মোশফিকুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, আগামী ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য আইনে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান প্রযোজ্য হবে।
তিনি আরও জানান, মা ইলিশ রক্ষায় আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে চাঁদপুর নৌ থানা ও ফাঁড়িগুলো গুরুত্বপূর্ণ প্রজনন এলাকাগুলোতে আইনি ব্যবস্থা গ্রহণে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এসময় তিনি সংশ্লিষ্ট জেলে ও ব্যক্তিদের নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং এই কর্মসূচী সফল করার জন্য সবাইকে সহযোগিতার অনুরোধ জানান।
