আকাশে উড়ল বিশালাকৃতির বেলুগা বিমান

অনলাইন ডেস্ক

‘আকাশের তিমি’ হিসেবে পরিচিত বেলুগা এক্সএল বিমানটি সম্প্রতি কলকাতায় অবতরণ করে। এর কয়েক ঘণ্টা অবস্থানের পর চীনের তিয়েনজিনের উদ্দেশ্যে রওনা হয় বিমানটি। এয়ারবাস সংস্থার তৈরি এই বিশালাকার বিমানটি ১৩ অক্টোবর আবারও কলকাতায় ফিরে আসার সম্ভাবনা রয়েছে।

বেলুগা এক্সএল বিমানটির আকৃতি শুরু থেকেই সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর সামনে অংশের আকৃতি তিমির মতো হওয়ায় এটি ‘আকাশের তিমি’ নামে পরিচিত। কলকাতা বিমানবন্দরে অবতরণের সময় এর ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত মঙ্গলবার রাত ১০টা ৪৫ মিনিটে কলকাতায় জ্বালানি নিতে অবতরণ করে বেলুগা এক্সএল। পরদিন বুধবার বিকেল সাড়ে পাঁচটায় এটি চীনের তিয়েনজিনের উদ্দেশ্যে উড়াল দেয়। বিমানের এমন অস্বাভাবিক আকৃতি দেখতে অনেক যাত্রীই উৎসাহ প্রকাশ করেন।
বেলুগা বিমান মূলত বড় আকারের মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয়। ১৯৯২ সালে এই ধরনের বিমানের নকশা ও নির্মাণের কাজ শুরু হয়। একটি বেলুগা বিমান তৈরি করতে প্রায় তিন বছর সময় লাগে। ২০২০ সালে চালু হওয়া বেলুগা এক্সএল যা কলকাতায় অবতরণ করেছিল সেটি ৬৩.১ মিটার লম্বা এবং এর ডানার প্রসার ৬০.৩ মিটার। এর মালবহনের ক্ষমতা প্রায় ৫১ টন।

এই বিমানটি আকারের দিক থেকে আকাশপথে পরিবহন ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights